× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদেশিক ঋণের অর্থ ব্যয়ে পিছিয়ে মন্ত্রণালয়গুলো

জোসনা জামান

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২১:০৮ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

বৈদেশিক ঋণের অর্থ কাঙ্ক্ষিত মাত্রায় খরচ করতে ব্যর্থ হচ্ছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। 

২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কাঁট ছাঁট করার পর বরাদ্দ ছিল ৭২ হাজার কোটি টাকা। অথচ মন্ত্রণালয়গুলো খরচ করেছে মাত্র ৪৯ হাজার ৮২৭ কোটি টাকা। ফলে অব্যয়িত রয়েছে ২২ হাজার ১৭৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৩১ শতাংশ। বৈদেশিক ঋণের অর্থ ব্যয়ের এই পরিমাণ গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কম। সামগ্রিকভাবে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কম হওয়ার পেছনে ৪০টি কারণ চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংস্থাটি বলছে, প্রকল্প সংশ্লিষ্টদের অদক্ষতার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের আমলাতান্ত্রিক জটিলতাও এর জন্য দায়ী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইএমইডি সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঋণ নিলে সেটি পরিশোধ করতেই হবে। সেই সঙ্গে দিতে হয় সুদও। কিন্তু সেই অর্থ যদি সময়মতো খরচ না হয় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণ হয়না। এতে একদিকে বৈদেশিক ঋণ সঠিক সময় সঠিক কাজে লাগে না, অন্যদিকে ঋণের বোঝা বাড়তে থাকে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে। এছাড়া প্রকল্প একনেকে অনুমোদন হলেও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকে না। ফলে প্রকল্প শুরু করতেই পেরিয়ে যায় অনেক সময়। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বৈদেশিক ঋণের প্রকল্পগুলোর জন্য বিশেষ মনিটরিং করতে হবে। 

আইএমইডির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন বাজেটের মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ ব্যয় করতে পেরেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় ব্যয়ের পরিমাণ এবং বাস্তবায়ন-দুটিই কমেছে। 

আইএমইডি ও বিশ্বব্যাংকের তথ্যমতে, স্বাধীনতার পর প্রথম চার বছর এডিপি বাস্তবায়ন হার কম থাকলেও ১৯৭৬-৭৭ অর্থবছরের প্রায় ৯৯ শতাংশ সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়। পরবর্তী ৪৮ বছর ৮০-৯০ শতাংশ বা তারও বেশি এডিপি বাস্তবায়ন হয়। এমনকি নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ও বাংলাদেশের এডিপি বাস্তবায়ন হার ছিল অনেক বেশি। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ধস নামে উন্নয়ন বরাদ্দ ব্যয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রথম বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছর দ্বিতীয় সর্বনিম্ন ৬৮ দশমিক ১৮ শতাংশ ব্যয় করে সরকারের প্রতিষ্ঠানগুলো। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৮০ দশমিক ৬৩, ২০২২-২৩ অর্থবছরে ৮৫ দশমিক ১৭ ও ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৪ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন হয়। 

প্রতিবছর বৈদেশিক সাহার্য্যপুষ্ঠ প্রকল্পে বিপুল অংকের টাকা অব্যয়িত থাকার কারণ খুঁজে বের করেছে সরকারের মূল্যায়ন সংস্থা আইএমইডি। ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কেন বৈদেশিক ঋণের অর্থ খরচ করা যায়নি সেটির কারণ উদ্‌ঘাটন করেছে সংস্থাটি। 

এতে দেখা গেছে, বৈদেশিক ঋণের অর্থ খরচ করতে না পারার নেপথ্যে রয়েছে ৪০টি কারণ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভূমি অধিগ্রহণের জটিলতা, প্রকল্প পরিচালকদের অদক্ষতা, নানা কারণে আমদানি করা নির্মাণ সামগ্রী আসতে দেরি হওয়া, ঠিকাদারের সার্বিক সক্ষমতার অভাব, ঠিকাদারি প্রতিষ্ঠানের যথাসময়ে বিল দাখিল না করা এবং প্রকল্প কার্যক্রম শুরু করতে দেরি হওয়া। এছাড়া বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ, পরামর্শক নিয়োগে দেরি, উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ে দেরি, দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া অধিক সময় লাগা, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের বারবার ক্লিয়ারেন্স নিতে সময় ক্ষেপন এবং প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম ও অনুমোদনে দেরি, কিছু প্রকল্পে এনজিও নিয়োগে উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে অনাপত্তিপত্র না পাওয়া। আরও আছে, প্রকল্প পরিচালক পরিবর্তন ও নতুন নিয়োগ, বার্ষিক পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়া, ক্রয় প্রস্তাব সিসিজিপি (ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি) অনুমোদন না পাওয়া। এছাড়া উন্নয়ন সহযোগীরা অনেক সময় প্রকল্পের ধরণ পরিবর্তন করে। ফলে বাস্তবাবয়ন দেরি হয়। 

আইএমইডির সাবেক সচিব ও বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের চেয়ারম্যান আবুল মনসুর মো. ফজুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ দরকার। আইএমইডিকে ক্ষমতাবান করতে হবে। যাতে যেকোন সময় যেকোন প্রকল্প পরিচালককের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেইসঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়। কেননা প্রকল্প তৈরি করে সংস্থাগুলো। তাহলে বাস্তবায়ন কেন করতে পারে না? এ বিষয়ে কঠোর হতে হবে। 

তিনি আরও বলেন, আইএমইডির বিভাগীয় কার্যালয় স্থাপন করা জরুরি। এখন ১ হাজার ৭০০ প্রকল্প আছে। এডিপির আকার বেড়েছে বহুগুণ। এ অবস্থায় ঢাকা থেকে একটি মাত্র অফিস দিয়ে মনিটরিং সম্ভব নয়। 

৪০ শতাংশের কম বাস্তবায়ন হয়েছে যেসব মন্ত্রণালয় ও বিভাগ 

বিদায়ী অর্থবছরে বৈদেশিক ঋণ ও অনুদানের টাকা খরচে সবচেয়ে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে নৌ-পরিহণ মন্ত্রণালয় খরচ করেছে ৩৯ দশমিক ৯২ শতাংশ। 

এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগ ৩৮ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৩৫ দশমিক ৭২ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৩৪ দশমিক ৬৯ শতাংশ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ ২৯ দশমিক ১৭ শতাংশ এবং বাণিজ্য মন্ত্রণালয় ২৮ দশমিক ৪৯ শতাংশ। 

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ২৭ দশমিক ২৫ শতাংশ, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১৮ দশমিক ৭৪ শতাংশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৭ দশমিক ৯১ শতাংশ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১২ দশমিক ৯৩ শতাংশ, সংসদ বিষয়ক সচিবালয় ৭ দশমিক ৫০ শতাংশ, আইএমইডি ৫ দশমিক ৫৮ শতাংশ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বৈদেশিক ঋণ বরাদ্দের ৫ দশমিক ১৯ শতাংশ খরচ করতে পেরেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা