বাসস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৯:২৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোলার। ছবি: ইউএস প্যাসিফিক ফ্লিট
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোলার মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করাই এ সফরের মূল উদ্দেশ্য জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, অ্যাডমিরাল কোলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সফর করবেন।
সফরকালে অ্যাডমিরাল কোলার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামরিক পেশাগত শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হবে।
দূতাবাস জানায়, এ সফর আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অভিন্ন কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সম্পৃক্ততার প্রতিফলন।
অ্যাডমিরাল কোলার বিশ্বের অন্যতম বৃহৎ নৌবহর ইউএস প্যাসিফিক ফ্লিটের নেতৃত্ব দিচ্ছেন। এই নৌবহর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করে।
সাম্প্রতিক সময়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। উভয় দেশই সম্প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।