স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
আগামী ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের স্পেশাল টিম আছে, তারা এ ব্যাপারে সতর্ক আছে। আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না”।
আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই”।
সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রথযাত্রা ও উল্টো রথযাত্রা- দুটিকে নিরাপদ করার জন্য আমরা সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা হয়েছে”।
মতিঝিলে ছাতা বোমা পাওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক জানিয়ে তিনি বলেন, “উল্টো রথযাত্রার দিনে কমলাপুর-মতিঝিলের ওদিকে মেট্রোরেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায় একটা ছাতার মধ্যে। বোম্ব ডিসপোজাল ইউনিট এটা সরায়। পরে এটা বিস্ফোরিত করে। এতে করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কোনো কিছু করা যায় কি না”।
এসব ঘটনার যোগসূত্র আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পেছনে কারা আছে খুঁজে বের করতে। এর পরে আশুলিয়াতে আরেকটা এ রকম বোমা সদৃশ জিনিস পাওয়া গেছে। একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতিকারী। পরে সেটা আমরা একই কায়দায় উদ্ধার করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কি না সেটা তদন্ত করতে বলেছি”।