× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু পরিবর্তনে বড় ঝুঁকিতে দেশের প্রাণিসম্পদ খাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৩:২৫ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৪:৩৪ পিএম

ঢাকায় হোটেল ওয়েস্টিনে সোমবার সকালে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকায় হোটেল ওয়েস্টিনে সোমবার সকালে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতি বছর বন্যায় আক্রান্ত হওয়ার কারণে দেশে গবাদি পশুর উৎপাদন কমে যায়। আবার অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রাণিসম্পদের উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে যায়, যার ফলে প্রতিদিন প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রকৃতিভিত্তিক সমাধানকে সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় বলে বিবেচিত হবে।

ঢাকায় হোটেল ওয়েস্টিনে সোমবার সকালে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় বক্তারা এসব তথ্য ও মতামত তুলে ধরেন।

কর্মশালার আয়োজন করে ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ড. মো. ফরিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং কনজারভেশন ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক সৌরভ মালহোত্রা।

প্রকৃতিভিত্তিক সমাধানে গুরুত্ব

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী ও সমন্বিত কৃষি-বনায়ন ব্যবস্থা শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখে না, এগুলো প্রাণিসম্পদের খাদ্য সরবরাহ নিশ্চিত করে, প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ঘটায় এবং মানব, প্রাণী ও পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ‘ওয়ান হেলথ’ ধারণাকে আরও শক্তিশালী করে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেও দেশের উপকূলীয় অঞ্চল এখনও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং উপকূলীয় ভাঙন শুধু পরিবেশ নয়, অর্থনীতি, খাদ্যব্যবস্থা ও কোটি মানুষের জীবন-জীবিকার ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের লাখো উপকূলীয় পরিবার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। এসব প্রাণিসম্পদ নিয়মিত আয়, পুষ্টি, কর্মসংস্থান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিবেশ রক্ষার দায়িত্ব সবার

সুলতান সালাউদ্দিন টুকু জানান, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং তথ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার কাজ করছে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, পরিবেশই মানুষের সবচেয়ে বড় সম্পদ। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের ওপরই মানুষের জীবন নির্ভরশীল। কিন্তু দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে।

তিনি বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি হতে হবে। পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব।

‘বিজ্ঞান ও স্থানীয় জ্ঞানের সমন্বয় প্রয়োজন’

সাবেক পররাষ্ট্র সচিব ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের বড় সুযোগ রয়েছে। সীমিত জমি ও বিপুল জনসংখ্যার দেশ হিসেবে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

তিনি বলেন, উপকূলের মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আর বিজ্ঞানীদের রয়েছে গবেষণালব্ধ জ্ঞান।

এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কার্যকর ও টেকসই সমাধান তৈরি করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুনা খান বলেন, ফ্রেন্ডশিপের মতো সংগঠন, বেসরকারি খাত, নাগরিক সমাজ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ভূমিকা হলো সরকারের সিদ্ধান্ত ও কার্যক্রমকে সহায়তা ও শক্তিশালী করা। বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক উদ্যোগ থেকে বেরিয়ে এসে সাহস, আশা এবং বাংলাদেশের জন্য একটি অভিন্ন স্বপ্ন নিয়ে সমন্বিত ভূদৃশ্যভিত্তিক কার্যক্রমের দিকে এগিয়ে যেতে হবে।

সৌরভ মালহোত্রা বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীকে খাপ খাইয়ে নিতে সহায়তার জন্য বাংলাদেশ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সংরক্ষণ এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একদিকে জলবায়ুজনিত ঝুঁকি কমায়, অন্যদিকে জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা টিকিয়ে রাখতে সহায়তা করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা