× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১০:২৮ এএম

পুলিশ হেড কোয়ার্টার্স। ছবি: বাসস

পুলিশ হেড কোয়ার্টার্স। ছবি: বাসস

আগস্ট ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক বোমা-আতঙ্কের ঘটনাগুলোর প্রেক্ষাপটে দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্য হতে পারেÑ এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

গত শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত যানবাহনকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে দায়িত্ব পালনের সময় যানবাহন নিরাপদ স্থানে রাখসহ সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস ও অফিস প্রাঙ্গণে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনা বিবেচনায় নিয়েই সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি আগস্ট মাসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

আগস্ট উপলক্ষে দেশজুড়ে পুলিশ সতর্কতা জারি করেছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে কারণে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সব সময়ই সতর্ক থাকে এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে, যাতে সম্ভাব্য নাশকতার যেকোনো চেষ্টা মোকাবিলা করা যায়।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে পুলিশ। পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বস্তাকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হলেও সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে ‘শক্তিশালী বোমা’ উদ্ধারের কথা জানায় ডিএমপি। পরে সেটিও নিষ্ক্রিয় করা হয়। সর্বশেষ শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা পরীক্ষা করে সেগুলো বিস্ফোরকমুক্ত বলে জানায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশ নিয়মিতভাবেই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। সাম্প্রতিক নির্দেশনাও সেই ধারাবাহিকতার অংশ। এর উদ্দেশ্য পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও সতর্ক রাখা; এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অন্যদিকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সদস্যদের সতর্কবার্তার পেছনে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। 

তিনি বলেন, ওরকম স্পেসিফিক কোনো তথ্য নেই। তবে আমরা সবসময় সতর্ক থাকি। সিনিয়র কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন। মাঠপর্যায়ে সদস্যরা যেন আরও সতর্ক থাকেন, সেজন্যই এ রিমাইন্ডার।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক বোমা-সংক্রান্ত ঘটনা ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশকে আবারও সতর্ক করা হয়েছে। পুলিশের যানবাহন ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের অধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা