× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৪ জুলাই

দফা এক, দাবি এক হাসিনার পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ০৮:৫৭ এএম

২০২৪ সালের ৩ আগস্ট বাংলাদেশের গণআন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের ৩ আগস্ট বাংলাদেশের গণআন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের ৩ আগস্ট বাংলাদেশের গণআন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়। একদিকে চলমান সহিংসতা ও প্রাণহানির প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের জন্য গণভবনের দরজা খোলা রাখার ঘোষণা দেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেই আহ্বান প্রত্যাখ্যান করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিশাল সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

বিকাল ৫টার দিকে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম হাজারো মানুষের উপস্থিতিতে সরকারের পদত্যাগ, আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও অপহরণের বিচার এবং এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে। 

একই সঙ্গে তিনি ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং সর্বস্তরের মানুষের সমন্বয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠনের ঘোষণা দেন।

এর আগে সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনতে চান এবং কোনো সংঘাত চান না। তবে আন্দোলনের নেতারা সেই আহ্বান নাকচ করে দেন।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় কর্মসূচি পালন করেন এবং সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করেন। একই দিনে আন্দোলনের আরেক সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে ১৫ দফা নির্দেশনা ঘোষণা করেন। এতে কর ও ইউটিলিটি বিল পরিশোধ থেকে বিরত থাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ও গণপরিবহন বন্ধ রাখা, রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে না পাঠানোসহ বিভিন্ন কর্মসূচির আহ্বান জানানো হয়।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। ‘দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, সায়েন্স ল্যাব, মিরপুর-১০সহ বিভিন্ন এলাকায়ও সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ী, সাভার, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা ও হতাহতের ঘটনা ঘটে। চট্টগ্রামে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবন এবং সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে জনগণের জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই দিনে বিএফইউজে ও ডিইউজে সাংবাদিক হত্যার প্রতিবাদে সরকারের পদত্যাগ দাবি করে কর্মসূচি পালন করে। 

পাশাপাশি ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্য বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে যৌথ চিঠি পাঠান। ২০২৪ সালের ২ আগস্টে লেখা ওই চিঠিতে, সিনেটর ও কংগ্রেস সদস্যরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা