প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান। ছবি: পিএমও
আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট রোভ আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতা-২০২৬’ চ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবট প্রধানমন্ত্রীকে দেখান। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভবিষ্যৎ অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে”।
বৈঠকে শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষে তারা প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী দেশের রপ্তানি খাত বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করতে সরকার কাজ করছে”।
তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদেরও দেশে এসে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে”।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত মেট রোভ আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতা-২০২৬ এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে এমআইএসটির ‘MIST MAVIROV’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।