বিবিসি বাংলা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৮:৪১ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৮:৫২ পিএম
বেনজীর আহমেদ। ছবি: ভিডিও থেকে
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজশাহীর সারদায় পুলিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানের পরে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বেনজীর আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এখন শুনলাম স্টেজে বসে। সাথে সাথেই আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসেডার তার সাথে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য শুধু। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জামিন বাতিলের বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়”।
বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজির আসলেই মুক্তি পেয়েছেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই তথ্য সঠিক এবং জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কী কী শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা কাজ করবে”।
এখন বাংলাদেশ সরকার এখন কোন আইনি প্রক্রিয়া অবলম্বন করবে এমন আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ তার জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি এবং আমরা আশা করছি বেইল ক্যানসেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো”।