প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৮:২৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ২৩:৪০ পিএম
চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগে আরও ৪৩টি চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোকে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট (ইউএফএলপিএ)-এর এন্টিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত বা আংশিকভাবে উৎপাদিত পণ্যকে জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি বলে ধরে নেওয়া হবে। ফলে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো যথাযথ প্রমাণ দিতে না পারলে এসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
নতুন সংযোজনের ফলে এ তালিকায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ১৮৭-এ পৌঁছেছে। ২০২১ সালে আইনটি কার্যকর হওয়ার পর এটিই একসঙ্গে সবচেয়ে বড় সম্প্রসারণ। ট্রাম্প প্রশাসনের অধীনে এই প্রথম নতুন কোনো প্রতিষ্ঠান এ তালিকায় যুক্ত হলো।
মার্কিন সরকারের দাবি, তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান জিনজিয়াং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উইঘুর ও অন্যান্য নির্যাতিত জনগোষ্ঠীকে শ্রমে নিয়োগ, স্থানান্তর বা গ্রহণের কাজে জড়িত ছিল। বাকি ৪১টি প্রতিষ্ঠান জিনজিয়াং অঞ্চল অথবা সরকারি শ্রম কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে "ভিত্তিহীন একতরফা নিষেধাজ্ঞা" হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের বাণিজ্য কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক ভার্চুয়াল বৈঠকের মাত্র একদিন পরই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। চীন নিজেদের কোম্পানিগুলোর বৈধ অধিকার রক্ষায় "প্রয়োজনীয় ব্যবস্থা" নেওয়ারও ঘোষণা দিয়েছে।
ওয়াশিংটনে চীনা দূতাবাসও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, জোরপূর্বক শ্রমের অভিযোগ "সম্পূর্ণ মিথ্যা" এবং চীনা আইন এ ধরনের শ্রম নিষিদ্ধ করেছে। দূতাবাসের দাবি, জিনজিয়াংয়ের শ্রমিকরা স্বাধীনভাবে তাদের পেশা নির্বাচন করতে পারেন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে বৈদ্যুতিক যান ও জ্বালানি সঞ্চয় ব্যবস্থার ব্যাটারি তৈরির কাঁচামাল সরবরাহকারী একাধিক কোম্পানিও রয়েছে। এর মধ্যে এসডিআইসি জিনজিয়াং লিথিয়াম ইন্ডাস্ট্রি, এর মূল প্রতিষ্ঠান এসডিআইসি জিনজিয়াং লুওবুপো পটাশ, এবং ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী জিনজিয়াং তিয়ানহংজি টেকনোলজি উল্লেখযোগ্য।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্রতিষ্ঠান জিনজিয়াং অঞ্চল থেকে লিথিয়াম, পটাশ, পেট্রোলিয়াম কোক, অ্যানথ্রাসাইট ও অ্যাসফল্টসহ বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে, যা বিতর্কিত শ্রম কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট।