ঢাকার আন্তর্জাতিক পল্লী উন্নয়ন কেন্দ্রের (বার্ড) মিলনায়তনে রবিবার আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশে কর্মী পাঠানো থেকে শুরু করে দেশে ফেরার পর তাদের পুনর্বাসন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সরকার, বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
ঢাকার আন্তর্জাতিক পল্লী উন্নয়ন কেন্দ্রের (বার্ড) মিলনায়তনে রবিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘বন্ধ হয়ে আসা অভিবাসনের দুয়ারের সময়ে দক্ষতা, নতুন গন্তব্য এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় গবেষণানির্ভর নীতি প্রণয়ন সময়ের দাবি।
তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর ও টেকসই করতে বিদেশে কর্মী পাঠানো এবং দেশে ফেরার পর তাঁদের পুনর্বাসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক সংসদীয় জোটের চেয়ারম্যান এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
একই সঙ্গে অভিবাসন খাতে গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম আহসান উল্লাহ।
তিনি বলেন, অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। ভবিষ্যতের বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতাভিত্তিক জনশক্তির চাহিদাই সবচেয়ে বেশি থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নারী কর্মীদের সুরক্ষা জোরদার, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অভিবাসন বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উৎকর্ষ ও উন্নয়ন কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমান।