৩৩ জুলাই
২০২৪ সালের ২ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অনন্য ও উত্তাল দিন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
২০২৪ সালের ২ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অনন্য ও উত্তাল দিন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিল্পী, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসেন। দেশজুড়ে বিক্ষোভ, গণমিছিল, পুলিশি সংঘর্ষ এবং প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলন নতুন গতি পায়।
২ আগস্টের কর্মসূচির নাম প্রথমে 'শোকযাত্রা' থাকলেও পরে তা পরিবর্তন করে রাখা হয় 'দ্রোহযাত্রা'। উদ্যোক্তারা কয়েক হাজার মানুষের সমাগমের আশা করলেও বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার মানুষের ঢল নামে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের মুক্তির দাবিতে সমবেত জনতা এরপর পৃষ্ঠা ২ কলাম ২
প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশে মিছিল বের করে। দোয়েল চত্বরের পুলিশ ব্যারিকেড সরিয়ে তারা শহিদ মিনারে পৌঁছে বৃষ্টির মধ্যেই দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি আন্দোলনে প্রাণহানির দায় স্বীকার করে সরকারের পদত্যাগ, হত্যাকাণ্ডের বিচার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিন রাজধানীর সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর, মিরপুর-১০, উত্তরা, পল্টনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভছড়িয়ে পড়ে। উত্তরায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অভিযোগ ওঠে, ১১ নম্বর সেক্টরের বিভিন্ন গলিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সরকার-সমর্থকদের হামলার। বিকালে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ওপরও হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রামে জুমার নামাজের পর মুসল্লিদের গণমিছিল অনুষ্ঠিত হয়। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর মিছিলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। খুলনায় সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হন এবং হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোশতাক মিয়া (২৫) নিহত হন।
ধানমন্ডিতে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ’-এর ব্যানারে শিল্পীরা এবং বনানীতে অভিভাবকরা পৃথক কর্মসূচিতে শিক্ষার্থী হত্যার বিচার ও গণগ্রেপ্তার বন্ধের দাবি জানান।
রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম- যৌথ বিবৃতিতে জানান, ডিবি কার্যালয় থেকে প্রচারিত আন্দোলন প্রত্যাহারের ভিডিও বক্তব্য তারা স্বেচ্ছায় দেননি; জোরপূর্বক সেটি ধারণ করা হয়েছিল।
একই দিনে ইউনিসেফ জানায়, জুলাইয়ের সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত এবং আরও বহু শিশু আহত ও আটক হয়েছে। সংস্থাটি শিশুদের আটক বন্ধের আহ্বান জানায়। এদিকে আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন লাভ করেন।