খুলনা অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ০৯:১৪ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ০৯:১৪ এএম
আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ছবি: সংগৃহীত
কপোতাক্ষ নদের তীরে রাড়ুলি-কাটিপাড়া গ্রাম থেকে উঠে এসে বিশ্ববিজ্ঞানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন বাঙালির গর্ব আচার্য প্রফুল্লচন্দ্র রায়। রসায়নবিদ হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পাশাপাশি শিক্ষা, শিল্প, সমবায় ও সমাজকল্যাণে অসামান্য অবদান রেখে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। আজ রবিবার তার ১৬৫তম জন্মবার্ষিকী।
১৮৬১ সালের ২ আগস্ট তৎকালীন যশোর জেলার রাড়ুলি-কাটিপাড়া গ্রামে জন্ম নেন প্রফুল্লচন্দ্র রায়। কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত এ গ্রাম বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলার অন্তর্গত।
তার বাবা হরিশচন্দ্র রায় ছিলেন স্থানীয় জমিদার এবং মা ভুবনমোহিনী দেবী। বনেদি পরিবারে জন্ম হলেও শৈশব থেকেই প্রখর মেধা ও অসাধারণ প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দেন তিনি।
বাবার প্রতিষ্ঠিত এম ই স্কুলে তার পড়াশোনার শুরু। ১৮৭২ সালে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হলেও অসুস্থতার কারণে পড়াশোনায় ছেদ পড়ে। ফিরে আসেন গ্রামের বাড়িতে। সেই সময় বাবার সমৃদ্ধ গ্রন্থাগারের বই হয়ে ওঠে তার জ্ঞানচর্চার প্রধান সঙ্গী। বই পড়ার মধ্য দিয়েই বিকশিত হতে থাকে তার চিন্তা ও জ্ঞানজগৎ।
১৮৭৪ সালে কলকাতায় ফিরে অ্যালবার্ট স্কুলে ভর্তি হন। ১৮৭৮ সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে। ১৮৮১ সালে এফএ পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে পাড়ি জমান স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে।
এডিনবরায় রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন প্রফুল্লচন্দ্র। কপার-ম্যাগনেসিয়াম শ্রেণির সম্মিলিত সালফেট নিয়ে গবেষণার জন্য পিএইচডি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন। গবেষণাপত্রের জন্য পান হোপ প্রাইজ। বিদেশে অবস্থান করেও ভারতকে ভুলে যাননি। ভারতীয় ইতিহাস ও সমাজ নিয়ে লেখালেখি করেন এবং দেশ-বিদেশ ভ্রমণ করেন।
১৮৮৯ সালে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রায় ২৪ বছর সেখানে অধ্যাপনা করেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন ব্যতিক্রমী। শ্রেণিকক্ষে বাংলায় পাঠদান করতেন। সহজ ও আকর্ষণীয় বাচনভঙ্গিতে শিক্ষার্থীদের মন জয় করতেন। শিক্ষকতার জন্য সাধারণ মানুষের কাছে তিনি পরিচিতি পান আচার্য নামে।
তবে তার কর্মপরিসর শুধু গবেষণাগার ও শ্রেণিকক্ষে সীমাবদ্ধ ছিল না। বাঙালির ব্যবসা-বাণিজ্যে অনাগ্রহ ও পরনির্ভরতার প্রবণতা তাকে ভাবিয়ে তুলেছিল। সেই ভাবনা থেকেই ১৮৯২ সালে মাত্র ৭০০ টাকা বিনিয়োগ করে নিজের গবেষণাগার থেকেই বেঙ্গল কেমিক্যালের যাত্রা শুরু করেন। ১৯০১ সালে প্রতিষ্ঠানটি কলকাতার মানিকতলায় বৃহৎ পরিসরে স্থানান্তরিত হয় এবং বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে পরিচিতি লাভ করে। উপমহাদেশের শিল্পায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৮৯৫ সালে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করে আন্তর্জাতিক বিজ্ঞানমহলে সাড়া ফেলেন তিনি। জীবদ্দশায় ১২টি যৌগিক লবণ ও পাঁচটি থায়োএস্টার আবিষ্কার করেন। তার গবেষণাপত্রের সংখ্যা ১৪৫টি।
বিজ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষা ও সমাজকল্যাণেও ছিল তার গভীর মনোযোগ। ১৯০৩ সালে পিতার নামে আর.কে.বি.কে হরিশচন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯০৯ সালে জন্মভূমিতে প্রতিষ্ঠা করেন একটি সমবায় ব্যাংক। ১৯১৮ সালে বাগেরহাটে প্রতিষ্ঠা করেন পি.সি. কলেজ, যা পরবর্তীতে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজের জন্যও ছিল তার সংযমী জীবনযাপন। ব্যক্তিগত ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত মিতব্যয়ী ছিলেন তিনি। ১৯২৬ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ অর্থ থেকে ১ লাখ ৩৬ হাজার টাকা দান করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।
দেশপ্রেম ছিল তার জীবনের অন্যতম প্রধান শক্তি। ইউরোপে গবেষণা ও সম্মানের সুযোগ থাকলেও তিনি দেশে ফিরে এসেছিলেন। তার কাছে বিজ্ঞান ছিল কেবল ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়; দেশ ও মানুষের কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগানোই ছিল মূল লক্ষ্য।
তার কর্ম ও অবদানের স্বীকৃতিও এসেছে নানা সময়ে। ১৯১১ সালে সিআইই উপাধি এবং ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেন। পরবর্তীতে ঢাকা, মহীশূর ও বেনারস বিশ্ববিদ্যালয় থেকেও সম্মানসূচক ডক্টরেট পান। ১৯১৯ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
লেখক হিসেবেও তার অবদান গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে India Before and After the Sepoy Mutiny, বাঙালি মস্তিষ্ক ও তার অপব্যবহার, হিন্দু রসায়নবিদ্যা, এবং Life and Experience of a Bengali Chemist।
কপোতাক্ষের তীরে জন্ম নেওয়া প্রফুল্লচন্দ্র রায় তাই শুধু একজন বিজ্ঞানী নন। তিনি ছিলেন শিক্ষক, গবেষক, শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী, সমাজসংস্কারক ও দেশপ্রেমিক। বিজ্ঞানকে শিল্পের সঙ্গে যুক্ত করে আত্মনির্ভরতার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।
রাড়ুলির মাটি থেকে উঠে বিশ্ববিজ্ঞানের অঙ্গনে নিজের নাম প্রতিষ্ঠা করা এই মহান বাঙালির ১৬৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো মানে শুধু একজন বিজ্ঞানীকে স্মরণ করা নয়; বরং বিজ্ঞানমনস্ক, আত্মনির্ভর ও দেশপ্রেমিক সমাজ গঠনের তার স্বপ্নকেও নতুন করে মনে করা।