প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:১৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো। ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। জোটের নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে তাদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে আলোচনা চলছে। গণমাধ্যমেও বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তবে বিরোধী জোট কাকে প্রার্থী হিসেবে প্রস্তাব করবে, কিংবা আদৌ কোনো প্রার্থী দেবে কি না—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ক্ষমতাসীন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী জোট রয়েছে। সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বিএনপির রয়েছে। ফলে বিরোধী দল বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন করবে, নাকি বিকল্প প্রার্থী দেবে—তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখনও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তখন বিষয়টি জানানো হবে। আপাতত এ বিষয়ে কোনো আলোচনা নেই।’
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয়ভাবে এখনও কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের জুলাই পদযাত্রা চলছে। শীর্ষ নেতারা ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় পরিষদের বৈঠক হয়নি। তাই রাষ্ট্রপতি নির্বাচন ও প্রার্থী নিয়ে কোনো আলোচনা হয়নি।’
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে তারা যাকে মনোনয়ন দেবে, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি জানান, এ বিষয়ে তাদের দলের কেন্দ্রীয় পর্যায়েও কোনো আলোচনা হয়নি।
বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি মানা বা না মানার বিষয় নয়। বিএনপির প্রয়োজনীয় ভোট রয়েছে। তারা যাকে মনোনয়ন দেবে, সেই বাস্তবতা বিবেচনায় অন্যভাবে ভাবার সুযোগ খুবই সীমিত।’
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদীয় সংখ্যার বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সিদ্ধান্তই কার্যকর হবে। তবে তিনি এমন একজন সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যিনি সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখবেন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করে দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমানে বিএনপির এককভাবে ২০৯টি আসন রয়েছে। জোটগতভাবে গণঅধিকার পরিষদের ১টি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ১টি এবং গণসংহতি আন্দোলনের ১টি আসনসহ তাদের মোট আসন ২১২টি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ২টি, খেলাফত মজলিসের ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১টি ও স্বতন্ত্র সদস্যদের ৭টি আসন রয়েছে।