× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ, কী সুযোগ-ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৫:৫৫ পিএম

সৌদি আরব নেতৃত্বাধীন ১৩টি দেশের সামরিক জোটে বাংলাদেশের নামও রয়েছে। এ ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ছবি: এআই দিয়ে তৈরি

সৌদি আরব নেতৃত্বাধীন ১৩টি দেশের সামরিক জোটে বাংলাদেশের নামও রয়েছে। এ ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ছবি: এআই দিয়ে তৈরি

সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশকে নিয়ে একটি বহুজাতিক নৌ সামরিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই জোটে পাকিস্তান, তুরস্ক, মিসর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোসের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

বিশ্লেষকদের মতে, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, শ্রমবাজার ও মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতা বিবেচনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের জন্য এতে যেমন সুযোগ রয়েছে, তেমনি রয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। একই সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা ও নৌ অবরোধের ঘোষণায় লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের প্রায় ১০ থেকে ১২ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুট অস্থিতিশীল হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতেও চাপ বাড়তে পারে।

এই প্রেক্ষাপটে বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব বহুজাতিক নৌ জোট গঠনের উদ্যোগ নিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এর কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া, সমন্বিত টহল ও আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা।

সাবেক সেনা কর্মকর্তা ড. নাসির উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সেখানে ২৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত থাকায় দেশটির কৌশলগত অনুরোধ উপেক্ষা করা কঠিন।

তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এ জোটে অংশ নিলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ মহড়ার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

তার মতে, লোহিত সাগর নিরাপদ থাকলে বাংলাদেশি পণ্যবাহী জাহাজের চলাচল আরও নিরাপদ হবে এবং আফ্রিকার পূর্ব উপকূলে নতুন রপ্তানি বাজার ও জনশক্তি রপ্তানির সুযোগও তৈরি হতে পারে।

তবে বিশ্লেষকরা ঝুঁকির বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জে ইউ ভুঁইয়া বিবিসি বাংলাকে বলেন, সৌদি নেতৃত্বাধীন এ জোটে যোগ দেওয়াকে ইরান ভিন্নভাবে দেখতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে।

ড. নাসির উদ্দিন আহমেদও প্রশ্ন তুলেছেন, সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশি নৌ সদস্যদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকে বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে, এই জোটে অংশ নিলেও সেই নীতি ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

ড. নাসির উদ্দিন আহমেদের ভাষায়, সুযোগ ও ঝুঁকি—দুটিই রয়েছে। তাই ইরানকে স্পষ্টভাবে বোঝাতে হবে, বাংলাদেশ কোনো পক্ষের বিরুদ্ধে নয়; আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগে যুক্ত হচ্ছে। পাশাপাশি জোটে বাংলাদেশের ভূমিকা, সম্ভাব্য ক্ষয়ক্ষতির দায়, সদস্যদের বিমা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা