৩২ জুলাই
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ আগস্ট (গণঅভ্যুত্থান ক্যালেন্ডারে ৩২ জুলাই) ছিল ঘটনাবহুল এক দিন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ আগস্ট (গণঅভ্যুত্থান ক্যালেন্ডারে ৩২ জুলাই) ছিল ঘটনাবহুল এক দিন।
আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে এদিন মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে তিনজন ছয় দিন, দুজন পাঁচ দিন এবং একজন চার দিন ডিবি হেফাজতে ছিলেন। পরে ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
মুক্তির পর সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, ছয় দিন ডিবি হেফাজতে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কীভাবে? যত দিন গণগ্রেপ্তার, জুলুম ও নির্যাতন চলবে; তত দিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে।
সব হত্যাকাণ্ডের বিচার এবং চলমান সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে রাজপথে নামেন দেশের শিল্পীরা। জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনের পরিকল্পনা থাকলেও পুলিশি বাধায় সেখানে যেতে না পেরে তারা খামারবাড়ি মোড় থেকে বৃষ্টিভেজা মিছিল নিয়ে ফার্মগেটের সেজান পয়েন্টে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এদিন আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে প্রত্যক্ষ এবং উস্কানিমূলক সম্পৃক্ততার যথেষ্ট তথ্যপ্রমাণ সরকারের হাতে রয়েছে। এ কারণে দলটি ও এর সব অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
একই দিন জাতিসংঘ জুলাইয়ের সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়। অন্যদিকে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঢল নামে। বেলা ৩টার দিকে কালুর দোকান ও হলিডে মোড় এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাস টার্মিনাল ও পরে লিংক রোডে প্রায় দুই ঘণ্টা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেয়।
বিক্ষোভে কয়েক দিন ধরে চলা হামলা, দমন-পীড়ন ও সরকারের কর্তৃত্ববাদী অবস্থানের প্রতিবাদে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে কক্সবাজারের রাজপথ। কর্মসূচির পুরো সময় বাস টার্মিনাল ও লিংক রোড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল সতর্ক অবস্থানে থাকলেও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।