প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২২:৪৮ পিএম
প্রতীকী ছবি
বাব আল মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
বিশ্বের ১৪টি দেশ যৌথ এই নৌ জোটে স্বাক্ষর করেছে। এই জোটে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ রয়েছে, আছে পাকিস্তানও। খবর আল জাজিরার।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স (বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট) প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
মন্ত্রণালয়টি জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা ও যৌথ সামরিক সহযোগিতা শক্তিশালী করার একটি সমন্বিত কাঠামো হিসেবে এই জোট গঠন করা হয়েছে। ভারত মহাসাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা এই তিনটি কৌশলগত নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখাই এর প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগত হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিশ্বজুড়ে মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশই পরিবাহিত হতো এই হরমুজ প্রণালি দিয়ে, যা বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি চরম সংকটে পড়েছে।
হরমুজ বন্ধ হওয়ার পর বিকল্প হিসেবে বাব আল মানদেব ও লোহিত সাগরের নৌপথ ব্যবহার করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরের এই বাণিজ্য পথেও অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকিতে ফেলেছে।
জোটের ১৪ দেশ
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোট গঠনের এই আলোচনা বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। সৌদি আরব ছাড়া জোটে স্বাক্ষর করা বাকি ১৩টি দেশ হলো বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।
তবে মধ্যপ্রাচ্যের এই নিরাপত্তা সংকটে ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই চুক্তিপত্রে স্বাক্ষর করেনি। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় আইনি প্রক্রিয়া শেষ করে অন্যান্য দেশের জন্যও এই জোটে যোগ দেওয়ার পথ খোলা রাখা হয়েছে।
জোটের কৌশলগত গুরুত্ব
বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা একটি যৌথ দায়িত্ব। আন্তঃরাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান-প্রদান, কৌশলগত পরিকল্পনা ও যৌথ সামরিক মহড়াই হবে এই জোটের মূল ভিত্তি। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি জোট এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি।
সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর সদর দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ পরিচালিত হয় বাব আল মানদেব প্রণালি দিয়ে। মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই প্রণালি দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে এই নৌপথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
সেই ঝুঁকি এড়াতেই গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ নৌ পর্যবেক্ষণের মাধ্যমে রুটটি সুরক্ষিত রাখতে একযোগে কাজ করবে জোটভুক্ত দেশগুলো।