তোফাজ্জল হোসেন কামাল
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২২:৩৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ২২:৩৭ পিএম
উদ্ধার হওয়া অস্ত্র। ফাইল ছবি
দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি-স্থাপনা থেকে লুট হওয়া ১ হাজার ৩১১ মারণাস্ত্র ও আড়াই লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ এখন কার হাতে? এ প্রশ্নে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের কপালে।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধারে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করেও চার ভাগের তিন ভাগ উদ্ধার করতে পেরেছে সংশ্লিষ্টরা। উদ্ধার না হওয়া ভারী ও হালকা অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, এলএমজি, সাবমেশিনগান, পিস্তলসহ আধুনিক আগ্নেয়াস্ত্র। সংশ্লিষ্টদের দাবি-এসব অস্ত্র হাতবদল হয়ে ব্যবহৃত হচ্ছে ছিনতাই, ডাকাতি ও সহিংসতায়।
পুলিশ সদর দপ্তরের তথ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলন চলাকালে ও পরবর্তীতে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে ১১ ধরনের ৫ হাজার ৭৬৩টি ভারী ও হালকা অস্ত্র, ৮ ধরনের ৬ লাখ ৫২ হাজার ৮টি গোলাবারুদ লুট হয়। অতিসম্প্রতি ঢাকার ডেমরা ও কদমতলীতে পরিত্যক্ত অবস্থায় টিয়ার শেল ও রিভলবার উদ্ধার হয়েছে। এ নিয়ে ২৯ জুলাই পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৪ হাজার ৪৫২টি অস্ত্র ও ৩ লাখ ৯৪ হাজার ৮৮৩ রাউন্ড গোলাবারুদ। উদ্ধারের বাইরে রয়েছে ১৩১১টি অস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ১২৫ রাউন্ড গোলাবারুদ।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে থানায় জমা পড়া লাইসেন্স করা ৫ হাজারের মতো বৈধ অস্ত্রও রয়েছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে লুট হওয়া এসব অস্ত্রের অবাধ ব্যবহার ও পলাতক বন্দিদের সক্রিয় হয়ে ওঠা। অপরাধ নিয়ন্ত্রণে আনতে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি বলেও মনে করছেন তারা।
অপরাধ বিশেষজ্ঞদের ধারণা, এসব অস্ত্রশস্ত্র হাতবদলের মাধ্যমে পেরিয়ে যেতে পারে দেশের সীমানা। বিশেষ করে যারা অবৈধ অস্ত্র ব্যবসায়ী বা চোরাচালানে জড়িত তারা করতে পারেন এ কাজ। এ ছাড়া দেশের বিভিন্ন উগ্রপন্থী, জঙ্গি, জলদস্যু, পাহাড়ের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হাতেও যেতে পারে। যারা ওই সময় হুজুগে পড়ে অস্ত্রশস্ত্র লুটপাট করেছেন, তারা ভয়ে সেসব অস্ত্রশস্ত্র পুকুর, ডোবা, জলাশয়, খালবিলে বা নদীতে ফেলে দিয়েও থাকতে পারেন। আর এ সংখ্যাই বেশি বলে মনে করছেন তারা। যদিও পুলিশ সদর দপ্তর অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। তবে এতেও সাড়া মেলেনি তেমন।
পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখনও লুট হওয়া যেসব অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার বাকি রয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধারে যৌথ অভিযান ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব হয়েছে। র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বা অপরাধীদের কাছ থেকে মাঝে মাঝে এসব লুট হওয়া অস্ত্র, টিয়ার শেল ও গুলি উদ্ধার করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান নিয়মিতভাবে চলছে।
পুলিশ সদর দপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ব্যাপক জনরোষের শিকার হয় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় ৫ হাজার ৭৬৩টি অস্ত্র। এর মধ্যে রয়েছে ১ হাজার ১১৪টি চায়না রাইফেল, ১২টি বিডি রাইফেল, ২৫৩টি চায়না এসএমজি, ৩৪টি চায়না এলএমজি, ৫৩৯টি চায়না টি-৫৪ পিস্তল, ১০৯২টি ৯ এমএম পিস্তল, ৩৩টি ৯ এমএম এসএমজি/এসএমটি, ২০৭৯টি ১২ বোরের শটগান, ৫৮৯টি ৩৮ মিলিমিটার গ্যাস গান, ১৫টি টিয়ার গ্যাস লাঞ্চার ও ৩টি ২৬ মিলিমিটার সিগন্যাল পিস্তল। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি ১০৯টি চায়না রাইফেল, ১টি বিডি রাইফেল, ৩০টি চায়না এসএমজি, ৩টি চায়না এলএমজি, ২০৩টি চায়না টি-৫৪ পিস্তল, ৪৪৪টি ৯ এমএম পিস্তল, ৩৮৪টি ১২ বোরের শটগান, ১২৮টি ৩৮ মিলিমিটার গ্যাস গান, ৭টি টিয়ার গ্যাস লাঞ্চার ও ২টি ২৬ মিলিমিটার সিগন্যাল পিস্তল।
এ ছাড়া একই সময়ে বিভিন্ন থানা থেকে লুট হয় ৬ লাখ ৫২ হাজার ৮টি গোলাবারুদ। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৮৩টি। এখনও উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ১২৫টি গোলাবারুদ। যার মধ্যে রয়েছে বিভিন্ন বোরের গুলি ২ লাখ ৪৩ হাজার ৮১২টি, টিয়ার গ্যাস সেল ১১ হাজার ৩৯১, টিয়ার গ্যাস গ্রেনেড ২৯১, সাউন্ড গ্রেনেড ১ হাজার ১৬৮, কালার স্মোক গ্রেনেড ৪১, মাল্টিপল ব্যাংক স্টান গ্রেনেড ২২, ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ২৮৪ ও হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে (ক্যানিস্টার) ১১৬টি।
অপরাধ বিশ্লেষজ্ঞরা মনে করছেন, লুট হওয়া অস্ত্র যেমন নানা অপরাধে ব্যবহার হচ্ছে, তেমনই পলাতক বন্দিরাও নানা ধরনের অপরাধ ঘটিয়ে চলেছেন। যেসব বন্দি কারাগার থেকে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষণ, নারী নির্যাতনসহ নানা অভিযোগে ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিশেষ করে কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিরা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা বিভিন্ন মামলার আসামি। জেল ভেঙে পালিয়ে তারা আরও বেশি অপরাধ করার সুযোগ পেয়েছেন। দেশে চলমান খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধগুলোর পেছনে এসব অপরাধীর সংশ্লিষ্টতাও থাকতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। তা না হলে এসব অস্ত্র অপরাধীদের হাতে চলে যাওয়ার ঝুঁকি ব্যাপক। সমাজে নানা ধরনের অপরাধ সংঘটিত হতে পারে এসব অস্ত্রের ব্যবহারে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে এরই মধ্যে। এখনও যেসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব হবে।’