× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইডির উৎস শনাক্তে তৎপর গোয়েন্দারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২১:৫৩ পিএম

ঢাকার মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হয়। ফাইল ছবি

ঢাকার মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হয়। ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় এক সপ্তাহের ব্যবধানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার এবং বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। 

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি উদ্ধার, উত্তরায় জোড়া বিস্ফোরণ এবং সর্বশেষ আশুলিয়ায় প্রেশার কুকার আকৃতির উচ্চক্ষমতাসম্পন্ন আইইডি উদ্ধারের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

ঘটনাগুলোর উৎস, নির্মাণকৌশল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ নাশকতাকারী চক্র বা উগ্রবাদী নেটওয়ার্ক জড়িত কি না, তা তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে একই ধরনের বিস্ফোরক উদ্ধারের ধারাবাহিকতা এবং জনবহুল স্থানকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করে প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অতীতে উগ্রবাদী সংগঠনগুলো এ ধরনের আইইডি ব্যবহার করেছে। রাজধানীতে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বোমার উৎস শনাক্তে পুলিশের পাশাপাশি বিশেষায়িত গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে।

আশুলিয়ায় প্রেশার কুকার আকৃতির আইইডি উদ্ধার

ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শুক্রবার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেশার কুকার আকৃতির একটি উচ্চক্ষমতাসম্পন্ন আইইডি উদ্ধার করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। পরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ‘জয়ী জেনারেল স্টোর’ নামের দোকানে ৫০০ টাকার নোট ভাঙানোর কথা বলে একটি ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। বোম ডিসপোজাল ইউনিট আইইডিটি নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করে।

বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, আইইডিটির ভেতরে বিপুল পরিমাণ স্টিলের বিয়ারিং বল ও বিস্ফোরক রাসায়নিক ছিল। এটি বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ব্যবহৃত বিস্ফোরকের ধরন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আগের ঘটনাগুলোও তদন্তের আওতায় 

এর আগে ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে উচ্চক্ষমতাসম্পন্ন আইইডি উদ্ধার করা হয়। 

তদন্তকারীদের তথ্যমতে, ব্যাটারি, বৈদ্যুতিক সার্কিট, লোহার বল এবং প্রায় দেড় কেজি বিস্ফোরক উপাদান দিয়ে সেটি তৈরি করা হয়েছিল। ছাতার বোতাম চাপলে বিস্ফোরণ ঘটতে পারত। আইইডিটি নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে একজন পথচারী আহত হন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, উল্টো রথযাত্রাকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার উদ্দেশ্যে আইইডিটি রাখা হয়েছিল। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

এর তিন দিন পর, ২৭ জুলাই উত্তরায় ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ওই ঘটনার সঙ্গে সাম্প্রতিক আইইডি উদ্ধারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটিটিসি, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধার হওয়া আইইডিগুলোর নির্মাণকৌশল, বিস্ফোরকের ধরন, টাইমিং ব্যবস্থা এবং সম্ভাব্য নেটওয়ার্ক বিশ্লেষণ করছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য আলামত পরীক্ষা করে ঘটনাগুলোর মধ্যে সাংগঠনিক বা কারিগরি মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে যেকোনো পরিত্যক্ত ব্যাগ, বাক্স, ছাতা বা সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে নিরাপদ দূরত্বে সরে গিয়ে দ্রুত পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা