প্রবা প্রতিবেদক, পশ্চিমাঞ্চল
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৪:১৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৫:৫৮ পিএম
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুক্রবার দুপুরে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে সরকার কাজ করছে।
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুক্রবার দুপুরে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সব সংস্কারই বর্তমান সরকার গ্রহণ করেছে।
বাকি যেসব বিষয় রয়েছে, সেগুলো সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে, বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী।
‘হাসিনা ফিরলে আদালতের মুখোমুখি হবেন’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
“উনি বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো। তিনি দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না,” বলেন তিনি।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে।
এখন আইন অনুযায়ী তদন্ত হবে এবং তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।