গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
২০২৪ সালের ৩১ জুলাই দেশজুড়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তখন শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের হত্যা, গণগ্রেপ্তার, গুম ও মামলার প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তের দাবিতে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে একাধিক স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৯০ জন আহত এবং শতাধিক আন্দোলনকারী আটক হন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
রাজধানীতে হাইকোর্ট মাজারগেট, দোয়েল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা সমবেত হয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। হাইকোর্টের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও কর্মসূচিতে অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশি বাধায় সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ২০ জন আহত হন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের আগের রাতে টেলিগ্রামে ৯ দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দেন। দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, গ্রেপ্তার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি এবং আন্দোলনে নিহতদের বিচার। পরদিন আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করে আন্দোলন ঘিরে নিজ নিজ অবস্থান তুলে ধরে। একই সময়ে বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে নির্ধারিত আলোচনা স্থগিতের ঘোষণা দেয়। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক নিরাপত্তা খাতের সংস্কার এবং অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন।
এদিকে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের মুক্তির দাবি জানায় নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। যুক্তরাষ্ট্রের দুই সিনেটরও আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের নিন্দা জানান। একই দিনে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ডিবির প্রধান হিসেবে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে দায়িত্ব থেকে সরিয়ে তার স্থলে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। ৩১ জুলাই রাজধানীসহ সারা দেশে শুরু হয় কঠিন থেকে কঠিনতর আন্দোলন।