মাসুদুল হাসান
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২৩:০৪ পিএম
ঢাকার সড়কে বাসস্টপেজ। ছবি: এআই
মেগাসিটি ঢাকার নীলক্ষেত মোড় থেকে আজিমপুর এতিমখানা মোড় পর্যন্ত সড়কের একাংশ দেখলে মনে হয়, জায়গাটা যেন বাসের ডিপো কিংবা বিরাট একটা স্টপেজ।
সড়কটির ডানপাশজুড়ে দিনরাত ২৪ ঘণ্টাই অবস্থান করে সড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন। মূল সড়কটিকে এভাবে সংকুচিত করে আজিমপুরের এখান থেকেই ঢাকার বিভিন্ন রুটে বাস চলাচল করে। এ কারণে এখানে এতিমখানা মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত পুরো রাস্তায় সারাদিনই যানজট থাকে।
রাজধানী ঢাকার গণপরিবহনে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। পুরনো বিংশ শতাব্দী পেরিয়ে নতুন একবিংশ শতাব্দীতে এসে দুই-দুইটি দশক পেরোনোর পরও এখানে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা দেখা দেয়নি। এ সময়ে শহরের লোকসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু পাল্লা দিয়ে বাড়েনি গণপরিবহন ও চলাচলের উপযোগী সড়ক এবং এসবের সুষ্ঠু ব্যবস্থাপনা। এখনও রাজধানীর গণপরিবহনগুলোর কোনো সমন্বিত পরিচালন ব্যবস্থা গড়ে ওঠেনি, কোনো সুনির্দিষ্ট স্টপেজ নির্ধারিত হয়নি।
শহরের বিভিন্ন সড়ক দখল করে গড়ে উঠেছে এগুলোর স্থায়ী ও অস্থায়ী স্টপেজ। অভিযোগ রয়েছে, পার্কিং করে থাকা অনেক বাসের মধ্যে একশ্রেণির পরিবহন শ্রমিক থেকে শুরু করে আরও অনেকেই নেশা করে থাকেন। বিশেষত রাতের বেলা পার্কিং করা বাসগুলো হয়ে ওঠে নেশার ছোট ছোট আখড়া। এ নিয়ে অনেক সময় মারামারি এবং হাতাহাতিও হয়। ছিনতাই ও হামলার ঘটনাও ঘটে।
গত ২৭ জুলাই সোমবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ইডেন মহিলা কলেজের বিপরীত দিকের সড়কের ৫০ শতাংশই দখল করে আছে আন্তঃরুটে চলাচল করা একাধিক বাস। আজিমপুর থেকে গাজীপুর চৌরাস্তা চলাচলকারী ভিআইপি পরিবহনের টিকিট কাউন্টার মূলত ইডেন কলেজের বিপরীত পাশের প্রধান সড়কেই। সড়ক ছাড়াও ফুটপাত দখল করে বসে আছেন এ বাস কোম্পানির কর্মচারীরা, বিক্রি করছেন টিকিট। এ কোম্পানির একাধিক বাস সার বেঁধে অবস্থান করছে সড়ক দখল করে। বিকাশ পরিবহন, মিরপুর মেট্রো সার্ভিস, মিরপুর সুপার লিংক পরিবহনসহ একাধিক কোম্পানির একাধিক বাসও সড়কের পাশে দাঁড়িয়ে আছে। কোনো কোনো বাসের মেরামতের কাজ ও ধোয়া-মোছার কাজও চলছে সড়কের ওপরই। কোনো কোনো বাসে কর্মচারীরা ঘুমিয়ে আছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আজিমপুর বাসস্ট্যান্ড মোড় থেকে রাস্তা পার হলেই সরকারি কর্মচারীদের আবাসিক কোয়ার্টার এলাকা। এখানে রয়েছে বিশটির বেশি বহুতল ভবন। বসবাস করেন কয়েক হাজার লোক। এ কোয়ার্টারের সামনের সড়ক পুরোটাই আজিমপুর-কুড়িল রুটে চলাচল করা দেওয়ান পরিবহনের দখলে। এ কোম্পানির প্রায় ২০টি বাস দিনের বেলাতেও ভিড়িয়ে রাখা হয়েছে সড়কের অর্ধেকটাজুড়ে। কখনও কখনও এতিমখানা মোড় থেকে বকসীবাজার পর্যন্ত এক পাশের পুরো সড়কই দখল করে রাখে বিকাশ পরিবহনের ১৫টিরও বেশি বাস। এমনিতেই এ সড়কটি তুলনামূলকভাবে সংকীর্ণ, তার ওপর এমন অবস্থায় সড়কে চলাচলকারী মানুষজন প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, লালবাগ-আজিমপুর এলাকার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের এই প্রধান সড়ক এভাবে বাসের দখলে থাকাই এলাকাটির যানজটের অন্যতম কারণ। তারা বলছেন, সড়ক বাসের দখলে থাকায় একদিকে কঠিন হয়ে উঠেছে মানুষজনের চলাফেরা, অন্যদিকে লেগে আছে ভয়াবহ যানজট।
ইডেন কলেজের বিপরীতে সরকারি কলোনির ২ নং গেটের নিরাপত্তা প্রহরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, দিনরাত ২৪ ঘণ্টাই এখানে বাস থামিয়ে রাখা হয়। প্রায় এক দশক ধরে এভাবে এটি যেন একটি স্থায়ী বাস স্টপেজ হয়ে উঠেছে।
ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী রেহনুমা জানালেন, “স্নাতক প্রথম বর্ষ থেকেই দেখে আসছি, ক্যাম্পাসের বিপরীত দিকের পুরো রাস্তা বাসের দখলে, ওটা যেন রাস্তা নয়-বাস স্টপেজ! আমরা কখনোই ঠিকমতো চলাফেরা করতে পারি না। অনেক সময় আবার পরিবহন শ্রমিকদের অশোভনীয় কথাবার্তা শুনতে হয়।”
নাম প্রকাশ না করার শর্তে ইডেন কলেজের একজন অধ্যাপক বলেন, “এই এলাকার এই সড়কটাকে যে অলিখিতভাবে একটা বাস স্টপেজ বানিয়ে ফেলা হয়েছে, সেটা নিয়ে কেউ কিছুই বলছে না। বাস মালিকরা কর্তৃপক্ষকে ম্যানেজ করে সরকারি রাস্তাকে ব্যবহার করে জনগণের চূড়ান্ত ভোগান্তি তৈরি করছে। বিষয়টি দেখারও কেউ নেই।”
হাঁটতে হাঁটতে আরও একটু সামনে গিয়ে দেখা গেল, আজিমপুর এতিমখানা মার্কেটের সড়কটির দুই পাশেও ভিআইপি-২৭ বাস ভিড়িয়ে রাখা হয়েছে। এতিমখানা মোড় ঘুরে পলাশীর পিছনের মোড় পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডমুখী সড়কের একাংশ চলে গেছে বিকাশ পরিবহনের বাসের দখলে। এই এলাকায় আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতাল, পুরাতন সরকারি কলোনি, লালবাগ এলাকার মূল প্রবেশ সড়ক। এমন একটি ব্যস্ত জায়গায় এভাবে সড়ক দখল করে বাস স্টপেজ বানিয়ে রাখা হয়েছে দিনের পর দিন।
লালবাগ এলাকার বাসিন্দা বাড়িওয়ালা হাফসা বেগম জানান, “গত দুই দশক ধরে এভাবেই সড়ক দখল করে রাখার খেলা চলছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার বাস মালিকরাও ক্ষমতার কেন্দ্র পাল্টে ফেলেন এবং সড়ক দখলে রাখার কাজে নতুন ক্ষমতা ব্যবহার করেন। এর অবসান হওয়া দরকার।”
এতিমখানা মোড়ের হকার দ্বীন মিয়া জানান, মাঝে মাঝে এখানে দুর্ঘটনাও ঘটছে। তা ছাড়া বাসের ভেতর পরিবহন শ্রমিকরা অনেকে নেশা করে।
আজিমপুর পলাশী কোয়ার্টারের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বাস মালিকদের ক্ষমতার সঙ্গে পেরে উঠি না। এটা নিয়ে জনপ্রনিধিদের কাছে অভিযোগ দেওয়া হলেও বাস মালিকরা প্রভাবশালী হওয়ায় সমাধান হয়নি।”
এদিকে বিআরটিসি বাসের অস্থায়ী স্টপেজ করা হয়েছে রাজধানীর কুড়িল এলাকার ইন্টারসেকশনের নিচে। গত কয়েক বছর ধরে কুড়িল থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী ১০টির বেশি বাস সেখানে সব সময় পার্কিং করে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জুলাই মাসেও একই চিত্র দেখা গেছে। এ ছাড়া কুড়িল রেললাইন সংলগ্ন প্রধান সড়কে (৩০০ ফিটমুখী সড়কে) নরসিংদী-ঢাকা রুটের বিআরটিসি বাস কাউন্টার স্থায়ীভাবে বসানো হয়েছে। প্রায় ১০টি টিকিট কাউন্টার বসানো হয়েছে সড়কের ফুটপাত ও পাশের জায়গা দখল করে। ৩০০ ফিট সড়কের মুখে গতিশীল যানবাহন চলাচলে এটি একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা ও ঝুঁকি হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া প্রগতি সরণির নদ্দা এলাকায় অবস্থিত দূরপাল্লার বাস স্টপেজগুলো এ সড়কে পরিবহন চলাচলে বিড়ম্বনা তৈরি করছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আমরা বাস স্টপেজগুলো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছি।”
তিনি বলেন, “প্রথম পর্যায়ে বড় বাস টার্মিনালগুলো রাজধানী থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পর পর্যায়ক্রমে আন্তঃসিটি বাস স্টপেজগুলোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সরকার যখন রাজধানীকে যানজটমুক্ত করতে দূরপাল্লার বাস স্টপেজগুলোকে শহরের বাইরে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে, তখন আন্তঃসিটির এসব বাস শহরের মধ্যেই স্টপেজ করে থাকলে সরকারি পরিকল্পনা সফলতার মুখ দেখবে বলে মনে হয় না। তারা এসব বিষয়ে সরকারের দৃঢ় পদক্ষেপ আশা করছেন।