তোফাজ্জল হোসেন কামাল
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ছবি
বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের পোশাকবিধি (ড্রেস রুলস), ব্যক্তিগত শৃঙ্খলা, কর্মস্থলের আচরণ ও পেশাগত মানদণ্ড নিশ্চিত করতে ৩৬ দফা কড়া নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সব ইউনিট প্রধানকে জানিয়ে বলা হয়েছে, ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন, বিধি ও বিভাগীয় শৃঙ্খলা বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর ২৭ জুলাই এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়েছে-পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও জনসেবামুখী বাহিনী। বাহিনীর প্রতিটি সদস্যের পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, কর্মনিষ্ঠা, কর্মস্থলের আচরণ ও পেশাগত শৃঙ্খলা পুলিশের ভাবমূর্তি, কমান্ড কাঠামো, প্রশাসনিক কার্যকারিতা এবং জনগণের আস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। পুলিশে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের মধ্যে সম্প্রতি ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ না করা, অফিসিয়াল পোশাক পরিধানে শৈথিল্য, অফিস চলাকালীন অননুমোদিত পোশাক ব্যবহার, ব্যক্তিগত শৃঙ্খলার ঘাটতি ও অফিস পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে। এর আগে গত ১৬ মার্চ প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেও বিভিন্ন পর্যায়ে ব্যত্যয় দেখা গেছে। এমতাবস্থায়, বাংলাদেশ পুলিশ ড্রেস রুলস-২০২৫, পুলিশ রেগুলেশনস (পিআরবি)-১৯৪৩, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ ও পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনার আলোকে ৩৬ দফা নির্দেশনা তৈরি করা হয়েছে। পুলিশে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে বলা হলো।
নির্দেশনায় বলা হয়েছে-অফিস চলাকালীন সময়ে পুলিশ ও নন-পুলিশ সদস্যকে নির্ধারিত অফিসিয়াল পোশাক বা ইউনিফর্ম পরিধান করতে হবে। অফিস-পরবর্তী সময়েও মার্জিত ও পরিশীলিত পোশাক-পরিচ্ছদ পরিধান করতে হবে। গাড়ি চালক, অফিস অর্ডারলি, গানম্যানসহ ইউনিফর্মধারী পুলিশ সদস্যকে অফিস চলাকালীন সময়ে পুলিশ ড্রেস রুলস-২০২৫ এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী যথাযথ নিয়মানুসারে পোশাক পরিধান করতে হবে। ইউনিফর্মের সকল অংশ (প্রাধিকার অনুযায়ী যথাযথ ক্যাপ বা ব্যারেট ক্যাপ, বেল্ট, বুট, জুতা, মোজা, র্যাংক ব্যাজ, নেমপ্লেট, হ্যাঙ্গিং ব্যাজ, আইডিকার্ড, ল্যানিয়ার্ড, বাঁশি, মনোগ্রাম, ডিপসাইন ইত্যাদি) বিধি অনুযায়ী পরিধান করতে হবে। বিধি-বহির্ভূত রঙ, ডিজাইন অথবা অস্পষ্ট লেখাযুক্ত, ভাঙা, ক্ষতিগ্রস্ত, বিবর্ণ বা অপরিচ্ছন্ন, পুরাতন নেমপ্লেট, র্যাংক ব্যাজ ও অন্যান্য ইউনিফর্ম সামগ্রী পরিধান থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে বুটের পরিবর্তে অননুমোদিত জুতা বা স্যান্ডেল ব্যবহার করা যাবে না। ইউনিফর্ম ব্যক্তিগত পছন্দ, ফ্যাশন বা সুবিধার কথা বিবেচনা করে ইচ্ছামতো পরিবর্তন, টেইলারিং, সংকুচিত যা প্রসারিত করা যাবে না। অনুমোদনহীন অলংকার, ব্যাজ, পিন, ব্রেসলেট, চেইন, স্টিকার, প্রতীক, লোগো বা অন্য কোনো সামগ্রী ইউনিফর্মের সঙ্গে ব্যবহার করা যাবে না। অফিস চলাকালীন সময়ে ইউনিফর্মধারী নারী পুলিশ সদস্য বিধি-বহির্ভূতভাবে থ্রি-কোয়ার্টার হাতার ইউনিফর্ম পরিধান, অননুমোদিত রঙ ও ডিজাইনের হিজাব বা ওড়না ব্যবহার, নির্ধারিত ড্রেস রুলসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ চুলের সজ্জা, অলংকার ও প্রসাধন ব্যবহার অথবা অপরিশীলিত সাজগোজ ও মেকাপ করা থেকে বিরত থাকবেন। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন, আয়রন করা ও পরিপাটি ইউনিফর্ম পরিধান করতে হবে। চুল, দাঁড়ি, গোঁফ বিধি মোতাবেক নিয়মিত ট্রিমিং করতে হবে। দাঁড়ি বা গোঁফ রাখার ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী যথাযথ অনুমোদন নিতে হবে। বাহিনীর চেইন অব কমান্ড সমুন্নত রাখার স্বার্থে সর্বাবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে যথাযথ সম্মান প্রদর্শন, স্যালুটিং, রিপোর্টিং ও অফিসিয়াল প্রটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যে কোনো দাপ্তরিক সাক্ষাতের ক্ষেত্রে নির্ধারিত ও পূর্ণাঙ্গ ইউনিফর্ম পরিধান করে উপস্থিত হতে হবে।
একইসঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার ও বক্তব্য প্রদানের সময় যথাযথ নির্দেশনা অনুসরণের পাশাপাশি পূর্ণাঙ্গ ইউনিফর্মে হাজির হতে হবে। অফিসে উপস্থিতির সময় সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমানভাবে বহন করতে হবে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় ধূমপান, ই-সিগারেট, পান-সুপারি, জর্দা, গুল, তামাকজাত দ্রব্য ব্যবহার, উচ্চস্বরে হাসি-তামাশা, অশোভন আচরণ অথবা বাহিনীর মর্যাদাহানিকর কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। অফিস সময় যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকারি কম্পিউটার, ইন্টারনেট, প্রিন্টার ও অন্যান্য সরকারি সম্পদ কেবল সরকারি কাজে ব্যবহার করতে হবে। সহকর্মী, অধস্তন, উর্ধ্বতন কর্মকর্তা ও সেবাপ্রার্থীদের সঙ্গে সর্বদা ভদ্র, সৌজন্যমূলক ও পেশাদার আচরণ করতে হবে। অফিস চলাকালীন সময়ে রাজনৈতিক, বাণিজ্যিক বা ব্যক্তিগত প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। ইউনিফর্ম পরিহিত অবস্থায় সামাজিক মাধ্যমে লাইভ, রিলস, টিকটক বা বাহিনীর মর্যাদার পরিপন্থী কোনো কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না। এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স প্রদত্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সরকারি নথি, ডি-নথি, কম্পিউটার, ই-মেইল ও অন্যান্য তথ্যব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারি তথ্য, নথি বা ছবি ধারণ, সংরক্ষণ, প্রচার বা শেয়ার করা যাবে না। ব্যক্তিগত প্রয়োজনে সরকারি সম্পদ ব্যবহার কেবল প্রচলিত বিধি ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে করা যাবে।
আদেশের শেষাংশে বলা হয়েছে, প্রত্যেক তদারককারী কর্মকর্তা নিজ নিজ নিয়ন্ত্রণাধীন সদস্যদের শৃঙ্খলা, ড্রেস রুলস প্রতিপালন ও কর্মস্থলের আচরণের জন্য দায়বদ্ধ থাকবেন।