× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তে লটারিতে গণবদলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৯:১৬ পিএম

গণপূর্ত অধিদপ্তর। ছবি: জুবায়ের বিন হায়দার

গণপূর্ত অধিদপ্তর। ছবি: জুবায়ের বিন হায়দার

সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার দেশের আট বিভাগের এসব প্রকৌশলীর পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

তবে লটারির মাধ্যমে পদায়ন সম্পন্ন হলেও এ বিষয়ে এখনও কোনো দাপ্তরিক আদেশ জারি হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী রবি বা সোমবারের মধ্যে বদলির চূড়ান্ত আদেশ জারি হতে পারে।

এ ছাড়া লটারি পদ্ধতিতে বদলি ভবিষ্যতেও অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। একইভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের পর বিএসসি প্রকৌশলীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এটি প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছে। ভবিষ্যতে এ পদ্ধতি চালু থাকবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসসি প্রকৌশলীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, সে বিষয়েও এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।’

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগে ৩১৭ জন, চট্টগ্রামে ১৩৩ জন, খুলনায় ৭৪ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৬৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন ও ময়মনসিংহে ২৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হবে।

অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক, কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো চালু হওয়া এই লটারিভিত্তিক বদলি প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও মো. আবু নাছের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক ও মো. আলমগীর খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানসহ গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা