প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:১২ পিএম
প্রতীকী ছবি
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরেই বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগস্ট মাসের জন্য বর্তমানে কার্যকর থাকা মূল্যহারই বহাল থাকবে। নতুন এ মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৭ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।
এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনল না সরকার।
সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় ও সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে।
জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম কমানো হলেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগস্ট মাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।