× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতি, সমাজ ও মানসিকতা বদলানো দরকার: মারুফ কামাল খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৮:০২ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৮:১০ পিএম

রাজধানীর সার্কিট হাউসের তথ্য ভবনে বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর সার্কিট হাউসের তথ্য ভবনে বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আমাদের রাজনীতি, সমাজ ও মানসিকতা বদলানো দরকার বলে মন্তব্য করেছেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। 

তিনি বলেন, আমাদের স্বভাব, আচরণ বদলানো দরকার। ফ্যাসিবাদ আমাদের মধ্যে যেসব বদগুণ সংক্রমিত করে গেছে তা থেকে মুক্ত হওয়া দরকার।

রাজধানীর সার্কিট হাউসের তথ্য ভবনে বৃহস্পতিবার বেলা ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ ছাড়াও জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি একে এম আব্দুল হাকিম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, শহিদ মীর মাহফুজ রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব (রুটিন দায়িত্ব) শাহ আলম। 

মারুফ কামাল খান বলেন, “আমি কোনও রাজনৈতিক নেতা বা কর্মী নই। তবে আমার একটি রাজনৈতিক বিশ্বাস আছে। সেই বিশ্বাসের বশবর্তী হয়ে আমি বিভ্ন্নি সময় লেখালেখির বাইরে তেমন কিছু করিনি কখনও। সাংবাদিকতার বাইরে লেখালেখিই করেছি। শুধু ভিন্নমত প্রকাশের কারণে, শুধু লেখালেখির কারণে ফ্যাসিবাদ সরকার আমার বিরুদ্ধে দেড় শতাধিক মিথ্যা মামলা দায়ের করেছিল। আমাকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। আমি ক্যান্সারের রোগী, আমাকে বাইরে গিয়ে লুকিয়ে চিকিৎসা করাতে হয়েছে।”

মারুফ কামাল বলেন, “আমার আশঙ্কা ছিল, আমি মনে করতাম জীবনে বোধহয় আর কোনদিন দেশে ফেরা হবে না। বিদেশে মৃত্যুবরণ করতে হবে। এ দেশের পবিত্র মাটিতে কবর হবে না। আল্লাহর অশেষ মেহেরবানি, জুলাই-আগস্ট বিপ্লবীদের সাহস, তাদের প্রাণদান, তাদের আন্দোলন-সংগ্রাম যে একটি ফ্যাসিবাদকে এক লহমায় এভাবে উৎখাত করবে তখন তা ছিল কল্পনার বাইরে।”

তিনি বলেন, “তারা আমাদের মুক্তি দিয়েছেন এজন্য অশেষ কৃতজ্ঞতা। এখন বিপ্লব আসে, অভ্যুত্থান হয়, রক্ত দেয়, ইতিহাস তৈরি হয়। এখন সেই রক্তদান, প্রাণদানকে প্রতিষ্ঠা করার পালা। আমি প্রত্যাশা করি সেটি সফলভাবে এগিয়ে যাবে। জুলাইবিপ্লবীদের কতগুলো আশা ছিল, স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছিলেন। তারা একটা পরিবর্তিত সমাজের কথা বলেছিলেন। সমাজ বদল করার কথা, রাজনীতি বদল করার কথা বলেছিলেন।”

তিনি বলেন, “আমি খুব ব্যথিত হই, যখন দেখি যারা ওই আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের কেউ কেউ ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার প্রধান শেখ হাসিনার ভাষায় কথা বলেন। খুব নোংরা ভাষায় কথা বলেন।”

রাজনীতিতে ভিন্নমত থাকবে জানিয়ে তিনি বলেন, “আমরা ভিন্নমতে বিশ্বাস করি। নানামতে সুস্থ-স্বাভাবিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেখানে সমালোচনার ক্ষেত্রেও সুস্থতা, নম্রতা, বিনয়, ভদ্রতা যেটা আমাদের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার সেটার অভাব প্রকটভাবে দেখতে পাই। ফলে আজকে এখানে ওখানে ইতি-উতি সহিংসতা, হাঙ্গামা, ক্রোধ, ক্ষোভের আলামত দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সৃজনশীন হতে হবে। মেধা ও যুক্তিকে রাজনীতিতে প্রাধান্য দিতে হবে। আমরা যদি হাসিনাকে অনুসরণ-অনুকরণ করতে থাকি, তার নোংরা, কুৎসিত ভাষায় প্রতিদ্বন্দ্বি তা প্রতিপক্ষকে আক্রমণ করতে থাকি তাহলে আন্দোলনের সাফল্য কোথায়? আমাদের প্রথম কাজ এসব সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এখানে সুস্থ, রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সেই রাজনৈতিক সংস্কৃতিকে পারস্পারিক প্রতিযোগিতা তো থাকবেই, সেটি হতে হবে সুস্থ প্রতিযোগিতা। সেই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আজকে যখন জুলাই আন্দোলনকারীরা পরস্পর হানাহানিতে যুক্ত হয় তখন ফ্যাসিবাদ মুখবেদান করে অন্তরালে হাসতে থাকে। সুতরাং ফ্যাসিবাদ যেন অট্টহাসি হাসতে না পারে সেদিকে আমাদের যত্নবান হতে হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা