× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৬:৩৮ পিএম

বিজিবি মোতায়েন। ফাইল ছবি

বিজিবি মোতায়েন। ফাইল ছবি

সিলেটের দুটি উপজেলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার ছয়টি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি এবং অতিরিক্ত পুলিশ সদস্য।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিবিসিকে এ সব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।

সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেগুলো হলো—কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।

জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।

এদিকে, হবিগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সিলেটের গোলাপগঞ্জে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।

আরও তিন উপজেলায় শুক্রবার এ পদযাত্রা করার কর্মসূচি রয়েছে এনসিপির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা