গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন আততায়ীদের ছুরিকাঘাতে রক্তাক্ত, তখন সবচেয়ে বড় আঘাতটি পেয়েছিলেন খুব কাছের বন্ধু ব্রুটাসকে দেখে। বেদনার্ত সিজার বলে উঠেছিলেন, ‘ব্রুটাস, তুমিও!’ ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটও যেন সেই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতারই এক নির্মম পুনরাবৃত্তি। ৪৫ বছর পর আলোর মুখ দেখা এক অপ্রকাশিত তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, কোনো অচেনা শত্রুর হাতে শহীদ হননি জিয়া; বরং চরম নিরাপত্তাহীনতা ও গোয়েন্দা ব্যর্থতার সুযোগে আঘাতটি হেনেছিল তার চারপাশের কাছের লোকেরাই। মূল খলনায়কের ভূমিকায় ছিলেন তার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু জেনারেল মঞ্জুর, আর রহস্যজনক নিষ্ক্রিয়তা দিয়ে ঘাতকদের পথ প্রশস্ত করেছিলেন খোদ রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব ও এডিসি।
নির্মম হত্যাকাণ্ডের কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসন্ধানের জন্য সে বছরের সেপ্টেম্বরে একটি তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। রাষ্ট্রের তরফে তা কখনোই প্রকাশ করা হয়নি। দ্য ডেইলি স্টার সেই প্রতিবেদন হাতে পাওয়ার দাবি করেছে। গতকাল বুধবার ইংরেজি ভাষার দৈনিকটি তা প্রকাশ করেছে। সেই মূল তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রপতি হত্যার পেছনে চরম নিরাপত্তাহীনতা, গোয়েন্দা ব্যর্থতা ও সামরিক কর্মকর্তাদের সন্দেহজনক ভূমিকার এক বিস্তৃত ও চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে।
তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার (যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হন) একটি তদন্ত কমিশন গঠন করেন ১৯৮১ সালের ৬ জুন। সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিশনে ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল (পরবর্তীতে প্রধান বিচারপতি) এবং খুলনার জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ। ২৫ জুন থেকে এই কমিশন তাদের কাজ শুরু করে। যে ভবনে তারা কাজ করতেন, সেটিই পরবর্তীতে ‘গণভবন’ হিসেবে পরিচিতি লাভ করে।
তদন্তের কার্যপরিধি সীমিত করা হয়
প্রাথমিকভাবে কমিশনের কার্যপরিধি বা ম্যান্ডেট ছিল অত্যন্ত বিস্তৃত। তাদের দায়িত্ব ছিলÑ এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না তা খুঁজে বের করা, ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা, তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা উন্মোচন করা এবং হত্যাকাণ্ডটি কীভাবে সংঘটিত ও কার্যকর করা হয়েছিল তা বিশ্লেষণ করা। একই সঙ্গে এই ষড়যন্ত্রে কারা সহায়তা করেছিল, তা-ও চিহ্নিত করার কথা ছিল।
কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে কমিশনের এই মূল কার্যপরিধি সংশোধন করে গুরুত্বপূর্ণ অংশ বাদ দেয়। ১৯৮১ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দায়িত্বটি বাদ দেওয়া হয়। ফলে কমিশনের দায়িত্ব কেবল জিয়াউর রহমানের নিরাপত্তার ব্যবস্থা কতটুকু পর্যাপ্ত ছিল এবং তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি, বিভাগ বা সংস্থাগুলোর কী কী ব্যর্থতা ছিল, তা মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে।
পাশাপাশি, রাষ্ট্রপতির মৃতদেহ কেন সুরক্ষিত রাখা সম্ভব হয়নি, কেন আক্রমণকারীরা মৃতদেহ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল এবং এই পুরো প্রক্রিয়ায় সিভিল প্রশাসন ও পুলিশের ভূমিকা কী ছিলÑ তা খতিয়ে দেখাই হয়ে দাঁড়ায় কমিশনের প্রধান কাজ। কমিশন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদসহ মোট ৬২ জন সাক্ষীর সাক্ষাৎকার গ্রহণ করে।
চরম নিরাপত্তাহীনতা ও বিনা বাধায় আক্রমণ
কমিশনের সবচেয়ে বড় পর্যবেক্ষণ ছিল সার্কিট হাউসের অবিশ্বাস্য রকম দুর্বল নিরাপত্তাব্যবস্থা। ভবনটিতে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও ঘাতকদের প্রায় কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে মন্তব্য করে, ‘আমরা এই ধারণা এড়াতে পারিনি যে, আক্রমণকারীদের কার্যত কোনো বাধাই দেওয়া হয়নি এবং তাদের কাছে বিষয়টি ছিল শুধুই ‘ভেনি, ভিডি, ভিসি’ (এলাম, দেখলাম, জয় করলাম)।’
১৯৮১ সালের ৩০ মে রাত ৩টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে এক আকস্মিক কমান্ডো স্টাইলের হামলা হয়। আক্রমণকারীরা পরপর দুটি রকেট ফায়ার করে এবং বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। রকেট দুটি জিয়াউর রহমান যে কক্ষে ছিলেন, ঠিক তার নিচের তলার একটি কক্ষে আঘাত হানে। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি। কিছু আক্রমণকারীরা মূল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায় এবং বাকিরা ভবনের পূর্ব দিকের পেছনের সিঁড়ি ব্যবহার করে।
সার্কিট হাউসের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিল বিশাল এক বহর। এর মধ্যে ছিল ২৬ জন কনস্টেবল, ৬ জন হাবিলদার, ১ জন সুবেদার ও ২ জন বিউগলার; আউটার কর্ডনে ৩ জন কনস্টেবল এবং সাদা পোশাকে আরও ৩ জন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ১১ জন সিপাহি, ১ জন নায়েক, ১ জন হাবিলদার এবং ১ জন নায়েব-সুবেদারও ছিল।
পুলিশ সদস্যদের কাছে ৩০৩ রাইফেল, সুবেদারের কাছে সাবমেশিনগান এবং গার্ড রেজিমেন্টের কাছে লাইট মেশিনগান ও সাবমেশিনগান ছিল। কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও তারা আক্রমণ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়।
রাষ্ট্রপতির শেষ মুহূর্ত
প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি তার কক্ষের পূর্বদিকের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন এবং আক্রমণকারীদের উদ্দেশ করে বলেন, ‘তোমরা কী চাও?’ এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘাতকরা খুব কাছ থেকে স্টেন মেশিনগান দিয়ে তার ওপর ব্রাশফায়ার করে। রাষ্ট্রপতি মেঝেতে লুটিয়ে পড়েন।
রাষ্ট্রপতির ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায়, তার শরীরে অন্তত ২০টি বুলেটের আঘাত ছিল। মুখমণ্ডলে বেশ কয়েকটি গুলি লাগে, নিচের চোয়াল টুকরো টুকরো হয়ে যায় এবং গলার প্রধান অংশগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বুক ও পেটে প্রায় ১০টি, ডান হাতে ২টি, নাভির নিচে ১টি এবং পায়ে বেশ কয়েকটি বুলেটের দাগ ছিল।
কমিশন জানতে পারে, ওই রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং প্রহরীরা বৃষ্টির হাত থেকে বাঁচতে ভবনের নিচতলার বারান্দায়, কনফারেন্স হল ও লাউঞ্জে আশ্রয় নিয়েছিল। সার্কিট হাউসের মূল লোহার গেটটি সারা রাত খোলা ছিল। এমনকি মধ্যরাতের পর একটি প্রাইভেট কার বিনা তল্লাশিতেই ভেতরে প্রবেশ করেছিল।
আক্রমণকারীরা গাড়ি নিয়ে সরাসরি ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিঘ্নে দোতলায় পৌঁছে যায়। পুলিশ দাবি করেছিল, তারা প্রায় ২০০ রাউন্ড গুলি ছুড়েছিল। কিন্তু কমিশনের মতে, এর বেশিরভাগই ছিল আক্রমণকারীরা চলে যাওয়ার পর এলোপাতাড়ি ফায়ার। হামলায় শুধু দুলাল মিয়া নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন, যিনি শেষ পর্যন্ত তার পোস্টে অনড় ছিলেন। রাষ্ট্রপতির কক্ষের পাহারায় থাকা গার্ড রেজিমেন্টের সিপাহি আবদুর রউফকে নিচতলায় মৃত অবস্থায় পাওয়া যায়। রাষ্ট্রপতির দরজার সামনে কোনো নিরাপত্তাকর্মীই ছিল না।
সহকারীদের সন্দেহজনক ভূমিকা
তদন্ত প্রতিবেদনে জিয়াউর রহমানের ব্যক্তিগত স্টাফদের, বিশেষ করে তার ব্যক্তিগত সচিব (পিএস) লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ মোহাম্মদ মাহফুজুর রহমানের ভূমিকা নিয়ে চরম সন্দেহ প্রকাশ করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে ওই বছর ২৩ সেপ্টেম্বর মাহফুজুর রহমানের ফাঁসি কার্যকর করা হয়।
হত্যাকাণ্ডের রাতে মাহফুজ সার্কিট হাউসে রাষ্ট্রপতির কক্ষের পূর্ব দিকের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাষ্ট্রপতির এডিসি ক্যাপ্টেন মাজহারুল হক কমিশনকে জানান, গোলাগুলি থামার পর তিনি বের হয়ে দেখেন মাহফুজ বারান্দার অপর প্রান্ত থেকে আসছেন। মাহফুজ তাকে জানান, ‘সব শেষ হয়ে গেছে’। তারা ৪ নম্বর কক্ষের সামনে রাষ্ট্রপতির রক্তাক্ত বিকৃত মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে কমিশন বিস্ময় প্রকাশ করে, মাহফুজের কক্ষের দরজা গোলাগুলির সময় খোলা ছিল এবং একই সময় লেফটেন্যান্ট কর্নেল এএফএম মঈনুল আহসান এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন আশরাফুল হাফিজের ঘরের দরজাও খোলা ছিল। মঈনুল ও হাফিজ তাৎক্ষণিকভাবে নিহত হলেও মাহফুজ কীভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পেলেন, তা কমিশনের কাছে এক ‘চিরস্থায়ী রহস্য’ হয়ে থেকে যায়। মাহফুজ দাবি করেছিলেন, তার কক্ষের দেয়ালে বুলেটের দাগ রয়েছে; কিন্তু পুলিশের বিশেষজ্ঞদের মতে, সেই দাগগুলো বাইরে থেকে ফায়ার করে হওয়া অসম্ভব এবং পরবর্তীতে এগুলো কৃত্রিমভাবে তৈরি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
কমিশন আরও কয়েকটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ কারণে মাহফুজকে সন্দেহ করে। এক. ঘটনার দিন সকালে মাহফুজ অস্বাভাবিকভাবে সার্কিট হাউসের এনডিসি নাসিরুদ্দিনের কাছ থেকে কোন কক্ষে কে থাকবেন তার টাইপ করা চার্ট চেয়েছিলেন, যা তিনি এর আগে কখনও করেননি। দুই. হাউস গার্ড-ইন-চার্জ ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, রাত ১০টার দিকে মাহফুজ রাষ্ট্রপতির কক্ষের সামনের দুজন গার্ডকে প্রত্যাহার করতে বলেন, এই অজুহাতে যে তারা রাষ্ট্রপতির ঘুমের ব্যাঘাত ঘটাবে। তিন. মৃতদেহ উদ্ধারের ব্যাপারে মাহফুজ সেনা সদরে বা স্থানীয় বিমানবাহিনীর কাছে কোনো কার্যকর সাহায্য চাননি। তার কাছে ওয়্যারলেস সেট থাকলেও তিনি তা ব্যবহার করে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেননি।
কমিশন এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। মাজহারের কক্ষ থেকে রাষ্ট্রপতির কক্ষে যাওয়ার একটি সংযুক্ত দরজা ছিল। গোলাগুলির সময় মাজহার একবারও সেই দরজা খোলার চেষ্টা করেননি। কমিশন মন্তব্য করে, মাজহার যদি দরজাটিতে ধাক্কা দিতেন বা রাষ্ট্রপতিকে তার কক্ষে টেনে নেওয়ার চেষ্টা করতেন, হয়তো সাময়িকভাবে হলেও তিনি রক্ষা পেতেন।
মাজহার কমিশনকে বলেছেন, তিনি টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে সংযুক্ত দরজার বিষয়টিই জানতেন না। কমিশন এই ব্যাখ্যায় বিস্ময় প্রকাশ করে প্রতিবেদনে লিখেছে, রাষ্ট্রপতি যখন আসন্ন বিপদের মুখে ছিলেন, তখন অন্তত দরজায় আঘাত করে তাকে সতর্ক করার চেষ্টা করা উচিত ছিল।
কীভাবে গুম হলো রাষ্ট্রপতির মৃতদেহ
৩০ মে সকাল পর্যন্ত রাষ্ট্রপতির ছিন্নভিন্ন মৃতদেহ সার্কিট হাউসের ৪ নম্বর কক্ষের সামনে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার ততক্ষণে স্থান ত্যাগ করেছিলেন। পাহারায় ছিলেন কেবল এনএসআইয়ের দুজন কর্মকর্তা। সকাল সাড়ে ৮টার দিকে দুটি সেনা জিপ ও ভারী অস্ত্রসজ্জিত একটি সামরিক বাহনে করে ৩ জন মেজর ও ১০-১৫ জন সেনাসদস্য সার্কিট হাউসে প্রবেশ করে।
তারা এনএসআই কর্মকর্তাদের অস্ত্রের মুখে নিয়ন্ত্রণে নিয়ে রাষ্ট্রপতির কক্ষে ঢোকে ও ‘গোপন নথিপত্র’ খুঁজতে থাকে। এরপর তারা রাষ্ট্রপতির বিছানার সাদা চাদর দিয়ে মৃতদেহ মুড়িয়ে ফেলে। লেফটেন্যান্ট কর্নেল মঈনুল ও ক্যাপ্টেন হাফিজের মৃতদেহসহ রাষ্ট্রপতির মৃতদেহ ভ্যানে তুলে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে আরেক দল সেনা এসে রাষ্ট্রপতির স্যুটকেস নিয়ে যায়।
মৃতদেহ কোথায় নেওয়া হয়, সে সম্পর্কে স্থানীয় প্রশাসনের কোনো ধারণাই ছিল না। ১ জুন বিদ্রোহ দমনের পর, ব্রিগেডিয়ার আজিজুল ইসলামের নেতৃত্বে তল্লাশি শুরু হয়। তথ্য পেয়ে তারা রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই রোডের পাশে পাহাড়ি ঢালে পাথারঘাটা গ্রামে একটি কবরের সন্ধান পান। সেখান থেকেই জিয়াউর রহমান, মঈনুল আহসান ও হাফিজ খানের মৃতদেহ উত্তোলন করে সম্মিলতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
মৃতদেহ সংরক্ষণে চরম অনীহা
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তার মৃতদেহ সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের চরম অবহেলা ও অনীহা পরিলক্ষিত হয়। তদন্ত কমিশনের মতে, ছিন্নভিন্ন মৃতদেহটি সার্কিট হাউসে অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও তা সংরক্ষণে ঢাকা বা স্থানীয় প্রশাসন থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ঘটনার পরপরই নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান এবং দুজন প্রতিমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা মৃতদেহ সুরক্ষার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। নৌপ্রধান জানান, তিনি বন্দরে থাকা তার জাহাজগুলোকে নিরাপদ করার বিষয়ে বেশি চিন্তিত ছিলেন এবং রাষ্ট্রপতির মৃতদেহ সৎকারকে কেবল একটি ‘প্রশাসনিক বিষয়’ বলে এড়িয়ে যান। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ কমিশনকে জানান, চট্টগ্রামে বিদ্রোহ দমন না হওয়া পর্যন্ত মৃতদেহ উদ্ধারের বিষয়ে তিনি অগ্রাধিকার দেননি।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী সৈয়দ মহিবুল হাসান কমিশনকে বলেছিলেন, তিনি রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব মাহফুজুর রহমানকে দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছিলেন। তবে স্থানীয় সেনাবাহিনীর আচরণ দেখে তার মনে হয়েছিল, সেনাবাহিনীর একটি অংশই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ কারণে তিনি ও উপ প্রধানমন্ত্রী বদরুদ্দোজা চৌধুরী সার্কিট হাউস ত্যাগ করেন। বিদ্যুৎ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এলকে সিদ্দিকীও কমিশনকে বলেন, মাহফুজুর রহমান তাকে বলেছিলেন, ঢাকাকে সব জানানো হয়েছে এবং নিরাপত্তার কারণে তাকে সরে যেতে বলা হয়েছে। তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী বলেন, ঢাকায় মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
সবচেয়ে বিস্ময়কর ছিল ঢাকার মন্ত্রিপরিষদের চরম সিদ্ধান্তহীনতা। জাতীয় সংকটের সেই মুহূর্তে মন্ত্রিপরিষদ মৃতদেহ সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে কোনো নির্দেশনাই দিতে পারেনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) এএসএম মোস্তাফিজুর রহমান কমিশনকে বলেছিলেন, স্থানীয় কর্মকর্তাদের উচিত ছিল নিজ উদ্যোগে মৃতদেহটি ‘লুকিয়ে রাখা’। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কমিশন ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করে প্রশ্ন তোলে, ওই ভয়ংকর সকালে স্থানীয় কর্মকর্তারা কোথায় এবং কীভাবে রাষ্ট্রপতির মৃতদেহ লুকিয়ে রাখতেন?
কমিশন তাদের পর্যবেক্ষণে জানায়, চট্টগ্রাম শহর তখন বিদ্রোহী সেনাদের নিয়ন্ত্রণে অবরুদ্ধ। ঢাকা থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তাই মৃতদেহ গুম হওয়ার ব্যর্থতার জন্য কমিশন স্থানীয় প্রশাসনকে দায়ী না করে, বরং কেন্দ্রীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের চরম অনীহা ও সিদ্ধান্তহীনতাকেই দায়ী করে।
‘বন্ধু থেকে শত্রু’ মেজর জেনারেল মঞ্জুর
এই হত্যাকাণ্ডের প্রধান খলনায়ক হিসেবে আবির্ভূত হন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ আবুল মঞ্জুর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ও মঞ্জুর কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এবং তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তাদের সম্পর্কে ফাটল ধরে।
কমিশনের মতে, মঞ্জুর ধীরে ধীরে রাষ্ট্রপতির প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে শুরু করেন এবং সামরিক বাহিনীর শৃঙ্খলার তোয়াক্কা না করে প্রকাশ্যে তার সমালোচনা করতেন, যা সামরিক শৃঙ্খলার পরিপন্থী ছিল। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায়, রাষ্ট্রপতির চট্টগ্রাম সফরের খবর পাওয়ার পরই মঞ্জুর ক্ষমতা দখলের পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
১৯৮১ সালের ২৫ মে রাষ্ট্রপতি একটি আদেশে মঞ্জুরকে ঢাকায় স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলির নির্দেশ দেন। কমিশন মনে করে, এক-তৃতীয়াংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রক একজন জিওসির কাছে এই বদলি ছিল চরম অপমানজনক। তিনি একে আক্রমণ হিসেবে নিয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে রাষ্ট্রপতিকে হত্যার পরিকল্পনা করেন। সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং এনএসআই বারবার রাষ্ট্রপতিকে মঞ্জুরের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে সতর্ক করেছিল। কিন্তু রাষ্ট্রপতি তা আমলে নেননি।
আগে থেকেই ছিল অসন্তেোষ
তদন্ত কমিশনের মতে, ১৯৮০ সালের মাঝামাঝি থেকে তরুণ সেনা কর্মকর্তাদের মধ্যে প্রশাসনের প্রতি যে হতাশা তৈরি হচ্ছিল, মঞ্জুর তা কাজে লাগান। তিনি সমমনা ও ক্ষুব্ধ কর্মকর্তাদের নিজ ক্ষমতাবলে চট্টগ্রামে বদলি করে সেখানে নিজের শক্তিবলয় গড়ে তোলেন। ১৯৮০ সালের নভেম্বরে এক সভায় জওয়ানদের ক্ষোভের প্রতি তিনি প্রচ্ছন্ন সমর্থনও জানান। ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে মঞ্জুর ডিজিএফআই কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে অবাধ প্রবেশও সীমিত করে দেন। ফলে গোয়েন্দা কার্যক্রম কার্যত অকার্যকর হয়ে পড়ে।
বিদ্রোহী সরকারের ঘোষণা
৩০ মে ভোরে সার্কিট হাউসে হত্যাযজ্ঞ শেষে ঘাতক দল যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ফিরে আসে, তখন সেখানে একধরনের উল্লাস বিরাজ করছিল। ঘাতকরা নিজেদের মধ্যে দামি বিদেশি সিগারেট বিলি করছিল এবং তাদের এই ‘গৌরবময় বিপ্লব’-এর খবর শুনতে রেডিও খুঁজছিল। এদিকে মেজর জেনারেল মঞ্জুর ভোর থেকেই তার কার্যালয়ে বসে পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিচ্ছিলেন। সকাল ৯টা ৪০ মিনিটে রেডিও বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন এবং ‘আর্মি রেভল্যুশনারি কাউন্সিল’ রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছে। তবে এই পরিষদের সদস্য কারা, তা মঞ্জুর গোপন রাখেন। সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠানো হয়। সেখানে মঞ্জুর তাদের আনুষ্ঠানিকভাবে জানান, বিপ্লবী সেনা পরিষদ এখন দেশের নিয়ন্ত্রণে। উপস্থিত কর্মকর্তাদের পবিত্র কুরআন ছুঁয়ে এই ‘বিপ্লবের’ প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হয়। পরদিন ৩১ মে বেলা সোয়া ১১টায় মঞ্জুর কোর্ট বিল্ডিংয়ে সরকারি, ব্যাংক ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি নির্দেশ দেন, ঢাকার কোনো নির্দেশ মানা যাবে না। বন্দর কর্তৃপক্ষকে জাহাজের চলাচল বন্ধ রাখতে এবং ঢাকায় জ্বালানি তেল পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি দম্ভভরে বলেন, ঢাকাকে তার নির্দেশ মানতেই হবে।
দ্রুত ভেঙে পড়ে বিদ্রোহ
মঞ্জুরের এই বিদ্রোহী সরকার টিকতে পারেনি, অপরিণত পরিকল্পনার কারণে মাত্র দুদিনের মাথায় তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৩১ মে রাতেই সেনা সদর দপ্তরের সাথে সমঝোতার চেষ্টা শুরু হয়। মঞ্জুরের পক্ষে মধ্যস্থতা করা হলেও ঢাকা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনো শর্ত মানতে অস্বীকার করে। এতে বিদ্রোহী নেতা মঞ্জুর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং মধ্যরাতের পর পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর সিদ্ধান্ত নেন। ১ জুন রাত ২টা থেকে ৩টার মধ্যে জেনারেল মঞ্জুর, তার প্রধান সহযোগী কর্মকর্তারা এবং তাদের পরিবার গাড়ি নিয়ে ক্যান্টনমেন্ট ছেড়ে ফটিকছড়ির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এভাবেই এক রক্তক্ষয়ী ও অপরিকল্পিত বিদ্রোহের পতন হয়।
মঞ্জুরের আত্মসমর্পণ ও হত্যা
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মঞ্জুর ও তার সঙ্গীরা পথে গাড়ি ফেলে চা বাগানের দিকে হেঁটে এগোতে থাকেন। বেলা সাড়ে ৩টার দিকে এনএসআই ও পুলিশের একটি দল এশিয়া চা বাগানের ২নং গেটের কাছে তাদের ঘিরে ফেলে। পুলিশ ও জনতার উপস্থিতিতে মঞ্জুর তার হাতে থাকা চাইনিজ রাইফেল ফেলে আত্মসমর্পণ করেন।
পুলিশ মঞ্জুর, তার স্ত্রী-কন্যা ও অন্যদের আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়। কিন্তু নিরাপত্তার কারণে তাদের চট্টগ্রামে নেওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা সেনাবাহিনীর ক্যাপ্টেন এমদাদুল হকের কাছে মঞ্জুরকে হস্তান্তর করেন। হস্তান্তরের সময় মঞ্জুর প্রতিবাদ করে বলেছিলেন, তিনি যেহেতু আর সেনা কর্মকর্তা নন, তাই তাকে সিভিল প্রশাসনের হেফাজতে রাখা উচিত। কিন্তু ক্যাপ্টেন এমদাদুল হক তার হাত-পা বেঁধে ও চোখ কাপড় দিয়ে ঢেকে সেনাবাহিনীর একটি গাড়িতে তুলে নেন।
ক্যান্টনমেন্টের পথে সিএসডি ক্যান্টিনের কাছে একদল সশস্ত্র সেনা তাদের গাড়ি থামায় এবং জোরপূর্বক মঞ্জুরকে ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান ও অন্য কর্মকর্তারা। তারা দেখতে পান রাস্তার পাশে জেনারেল মঞ্জুরের নিথর দেহ পড়ে আছে।
সিএমএইচের কমান্ডিং অফিসার কমিশনকে জানান, মঞ্জুরের মাথার পেছনের দিকে ডানপাশে ৪ ইঞ্চি বাই ২ ইঞ্চি মাপের একটি বড় বুলেটের ক্ষত ছিল। ময়নাতদন্তেও সেটিকে ‘গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা’ বলা হয়েছে। মঞ্জুরকে চট্টগ্রামের সেনা গোরস্থানে দাফন করা হয়। এর মাধ্যমেই এই বিদ্রোহের চূড়ান্ত সমাপ্তি ঘটে।
কমিশনের চূড়ান্ত মূল্যায়ন
কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল গোয়েন্দা সংস্থাগুলোর এক চরম ও অমার্জনীয় বহুমাত্রিক ব্যর্থতা। কমিশনের মতে, গোয়েন্দা সংস্থাগুলো মঞ্জুরের বিদ্রোহী তৎপরতার বিষয়ে আগে থেকেই বিভিন্ন তথ্য পেলেও তা কার্যকরভাবে মোকাবিলা করতে পারেনি। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট ও সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের দায়িত্ব পালনে গুরুতর ঘাটতি ছিল। পর্যাপ্ত অস্ত্র, প্রশিক্ষিত নিরাপত্তা সদস্য ও প্রতিরক্ষামূলক অবস্থান থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে মাত্র ১৪ থেকে ১৬ জন হামলাকারীর একটি দল সার্কিট হাউসে ঢুকে রাষ্ট্রপতিকে হত্যা করে এবং কার্যত কোনো উল্লেখযোগ্য প্রতিরোধ ছাড়াই সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়।
প্রতিবেদনটি ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে সরকারের কাছে জমা দেওয়া হলেও তা আর কখনও প্রকাশ করা হয়নি।