প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৪:২৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৪:৩৭ পিএম
ঢাকার মহাখালীতে বৃহস্পতিবার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে রাজস্ব খাতের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
শুধু রোগের চিকিৎসা নয়, সুস্থ জাতি গঠনে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রোগ প্রতিরোধে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ওষুধ দিয়ে রোগ সারানো সম্ভব হলেও কেবল ওষুধের ওপর নির্ভর করে একটি জাতিকে সুস্থ রাখা সম্ভব নয়। জন্মের পর থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, মানবিক স্বাস্থ্যসেবা এবং গবেষণাভিত্তিক স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ঢাকার মহাখালীতে বৃহস্পতিবার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সময়ের স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হওয়া উচিত রোগ প্রতিরোধ। রোগ দেখা দেওয়ার পর চিকিৎসা দেওয়ার পরিবর্তে শৈশব থেকেই প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুস্থ ও সচেতন জাতি গড়ে তুলতে হবে।
এ জন্য গবেষণা, জনসচেতনতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, সহমর্মিতা ও হাসিমুখ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওষুধের পাশাপাশি সঠিক পরামর্শ, মানসিক সাহস জোগানো এবং মানবিক সেবাও চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ।
অসুস্থ মানুষের শেষ ভরসাস্থল চিকিৎসক উল্লেখ করে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।
দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে সরদার মন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্ত মানুষের দুর্ভোগ কমাতে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন মূল্যায়নের মানদণ্ড এখন আর শুধু সেতু বা সড়ক নির্মাণ নয়। মানুষের মৌলিক চাহিদা, বিশেষ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকেই উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার হতে হবে।
একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবার আওতার বাইরে যেন কোনো মানুষ না থাকে, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) গবেষণা বিশ্বব্যাপী স্বীকৃত এবং ডায়রিয়া ও কলেরা বিষয়ে দেশের গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি বলেন, গবেষণাকে আরও কার্যকর করতে গবেষকদের মাঠপর্যায়ে, বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে।
স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা এবং বাস্তব সমস্যার সঙ্গে গবেষণার ফলাফল সমন্বয় করা গেলে স্বাস্থ্যসেবায় আরও কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এক উপজেলার সফল উদ্যোগ অন্য উপজেলায় ছড়িয়ে দিতে পারলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।