বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৩:১৮ পিএম
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস–২০২৬’ উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচারের ধরন এখন আগের তুলনায় আরও জটিল ও প্রযুক্তিনির্ভর হয়েছে। অপরাধী চক্র ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চাকরিপ্রার্থী ও তরুণদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখাচ্ছে। পরে তাদের বিভিন্ন দেশে অনলাইন স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, এই ধরনের অপরাধ মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক খাত, বেসরকারি সংস্থা এবং সচেতন নাগরিকদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে।
তার ভাষ্য, নতুন আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রতারণা এবং মানুষকে জোরপূর্বক অপরাধে সম্পৃক্ত করার মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যমান ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ যুগোপযোগী করার কাজ চলছে। একই সঙ্গে প্রতিরোধ, ভুক্তভোগীর সুরক্ষা, বিচার ও অংশীদারত্ব- এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০) চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের পুনর্বাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং তাদের আইনি, চিকিৎসা, মনোসামাজিক ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি তথ্যভিত্তিক নীতি প্রণয়ন ও মামলা পর্যবেক্ষণের জন্য একটি ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্মও তৈরি করা হচ্ছে।
তিনি তরুণ, নারী ও বিদেশগামী কর্মপ্রত্যাশীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্ডে।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির প্রধান ও ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আলী আকবর খান, ঢাকায় ইতালির দূতাবাসের ইতালিয়ান স্টেট পুলিশের প্রতিনিধি জুসেপ্পে দি জিওভানি, ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান এবং কম্বোডিয়ার একটি অনলাইন স্ক্যাম সেন্টার থেকে ফিরে আসা ভুক্তভোগী নাহিদ আরমান অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এ জাতীয় সংলাপের আয়োজন করে।