× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন শিগগিরই: অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৩১ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতনকাঠামো প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে এবং এতে বেশি সময় লাগবে না।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বুধবার তিনি এ কথা বলেন।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, “কাজ চলছে। বেতনকাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না।”

এ বিষয়ে ঘন ঘন মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ভিন্নভাবে সংবাদ প্রকাশ করছে। তাই বিষয়টি নিয়ে তিনি একবারেই আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

আইএমএফের অবস্থান কী

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে আইএমএফ সরাসরি কোনো মত দেয়নি এবং এ বিষয়ে তাদের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও নেই।

তবে সংস্থাটি অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চেয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আহরণ জোরদারের পরামর্শ দিয়েছে।

গত ১২ থেকে ১৬ জুলাই আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং নতুন বেতনকাঠামোর অর্থায়ন নিয়েও আলোচনা হয়। বর্তমানে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

সুপারিশ চূড়ান্ত পর্যায়ে

নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

কমিশনের হিসাবে, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি শেষ পর্যন্ত চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে ভাতা কার্যকরের পক্ষে মত দিয়েছে।

এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া ‘জনপ্রশাসন-নিট’ খাতে বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকার মধ্যে অতিরিক্ত অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা