× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সয়াবিন তেল, চিনিতেও মাইক্রোপ্লাস্টিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১১:০৮ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৫:৩০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। টুথপেস্ট ও গুঁড়োদুধের পর এবার সয়াবিন তেল ও চিনিতেও ক্ষুদ্র প্লাস্টিককণার উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষণায় দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত সয়াবিন তেলের নমুনায় প্রতি লিটারে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। বিশেষ করে বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের মাত্রা বেশি পাওয়া গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গবেষকদের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত হয়েছে।

গবেষণার অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার সুপারশপ ও খোলা বাজার থেকে ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়। আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক বিশ্লেষণে দেখা যায়, খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যা বোতলজাত তেলের তুলনায় প্রায় ১ দশমিক ২৪ গুণ বেশি।

গবেষকদের মতে, শিল্পকারখানার ঘনত্ব, প্লাস্টিক ও টেক্সটাইল কারখানার প্রভাব এবং একই পাত্র বারবার ব্যবহার করে খোলা তেল সংরক্ষণের কারণে দূষণের মাত্রা বাড়তে পারে। তেজগাঁও এলাকা থেকে সংগ্রহ করা খোলা তেলের নমুনায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

পরীক্ষায় সয়াবিন তেলে ছয় ধরনের প্লাস্টিক পলিমারের উপস্থিতি শনাক্ত হয়েছে। এগুলো হলোÑ লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইউরেথেন (পিইউ) ও নাইলন। গবেষকদের দাবি, ভোজ্য তেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি শনাক্ত হওয়ার ঘটনা বিশ্বে প্রথম।

গবেষণায় দেখা গেছে, শনাক্ত কণার ৮২ দশমিক ৫ শতাংশ ছিল আঁশজাতীয় এবং ৫৬ দশমিক ২৯ শতাংশ ছিল স্বচ্ছ প্রকৃতির। গবেষকদের হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতে পারেন। শিশুদের ক্ষেত্রে এ সংখ্যা প্রতিদিন গড়ে ৭৭ দশমিক ২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি।

এদিকে, চিনিতেও মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষাধীন চিনির ৯৫ শতাংশ নমুনায় প্লাস্টিককণা রয়েছে। প্রতিকেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

এই গবেষণায় ঢাকার বিভিন্ন খুচরা বাজার থেকে সংগ্রহ করা সাত ধরনের ব্র্যান্ডেড ও খোলা চিনির নমুনা বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, ব্র্যান্ডেড চিনিতে প্রতিকেজিতে গড়ে ৩২২টি এবং খোলা চিনিতে গড়ে ৪০৩টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে।

বিশ্লেষণে শনাক্ত প্লাস্টিককণার আকার ছিল প্রায় ১২ মাইক্রোমিটার থেকে ৩ দশমিক ১৯ মিলিমিটার পর্যন্ত। এর মধ্যে ৬৩ শতাংশ ছিল আঁশজাতীয়, ২১ শতাংশ খণ্ডাকৃতির, ১১ শতাংশ পাতলা স্তরের এবং ৫ শতাংশ গোলাকার কণা। চিনিতে অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডিয়েন স্টাইরিন (এবিএস), পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি), পিইটি, পিটিএফই, এইচডিপিই ও নাইলনের মতো প্লাস্টিক উপাদান শনাক্ত হয়েছে।

গবেষকদের মতে, খাদ্য উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, পরিবহন ও প্যাকেজিংয়ের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী থেকেই এসব কণা খাদ্যে মিশতে পারে। দীর্ঘদিন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘস্থায়ী প্রদাহ ও কোষের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

গবেষণা দলের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক, যা মানবদেহের প্রজননতন্ত্র ও বিপাকীয় ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। তিনি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য দেশে কার্যকর নীতিমালা, নিয়মিত পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি খোলা খাদ্যপণ্য বিক্রিতে নিয়ন্ত্রণ, উন্নত পরিশোধন প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ প্যাকেজিং নিশ্চিত করার মাধ্যমে এ ঝুঁকি কমাতে হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা