গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩০ জুলাই হয়ে ওঠে প্রতিরোধ, শোক ও সংহতির এক অনন্য দিন। সরকার সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শোকের প্রতীক কালোর পরিবর্তে তারা বেছে নেন লাল— রক্ত, প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক হিসেবে। মুহূর্তেই সামাজিক মাধ্যমজুড়ে ছড়িয়ে পড়ে লাল প্রোফাইল ছবি।
আন্দোলনকারীদের ভাষ্য ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণার আড়ালে প্রকৃত বিচার ও জবাবদিহি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টার প্রতিবাদেই এই প্রতীকী কর্মসূচি। সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য, জনপ্রিয় ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশও লাল প্রোফাইল ছবি ব্যবহার করে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে।
অন্যদিকে, সংঘর্ষে নিহতদের স্মরণ ও ঘটনার বিচার দাবিতে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের টেলিগ্রামে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত ও বিচারের দাবিতে দেশের আদালত, ক্যাম্পাস ও রাজপথে বিক্ষোভের আহ্বান জানানো হয়।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নতুন করে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ, গণগ্রেপ্তার এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংযম প্রদর্শন, আইনের যথাযথ প্রয়োগ, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন।
দিনটি কেবল ভার্চুয়াল প্রতিবাদেই সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন স্থানে বিক্ষোভ, পদযাত্রা ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে নীরব মিছিল করেন। ঢাকায় ছয় সমন্বয়কের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১টি সংগঠন লাল প্রতীক ধারণ করে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
একই দিনে চট্টগ্রাম ও পঞ্চগড়ে দফায় দফায় গুলি ও গ্রেনেড হামলার অভিযোগ ওঠে। সহিংসতায় প্রাণ হারান মোহাম্মদপুরের সৈকত, যাত্রাবাড়ীর মেহেদী ও উত্তরার নাঈমা সুলতানাসহ আরও অনেকে। অসংখ্য পরিবারে নেমে আসে শোকের ছায়া।
৩০ জুলাইয়ের সেই লাল প্রোফাইল ছবি সময়ের সঙ্গে একটি প্রতীকী অধ্যায়ে পরিণত হয়েছে। অনেকের কাছে এটি শুধু একটি অনলাইন প্রচারণা নয়, বরং বিচার, জবাবদিহি এবং পরিবর্তনের দাবিতে গড়ে ওঠা এক ঐতিহাসিক গণপ্রতিরোধের স্মারক।