চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্দোলনের অদম্য চেতনাকে চিরস্মরণীয় করে রাখতে নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর জিরো পয়েন্ট থেকে কিছুটা দূরে, সচিবালয়ের ঠিক উল্টোদিকে অবস্থিত ঐতিহ্যবাহী ওসমানী উদ্যান। এই উদ্যানের পূর্বপ্রান্তে টিনের বিশাল প্রাচীর দিয়ে ঘিরে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। প্রাচীরের ফাঁক গলে ভেতরে উঁকি দিলেই চোখে পড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্তম্ভ। এটি কেবল ইট-পাথরের কোনো স্থাপনা নয়; এটি বাংলাদেশের নতুন ইতিহাসের এক জীবন্ত দলিলÑ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্দোলনের অদম্য চেতনাকে চিরস্মরণীয় করে রাখতে নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভ।
ইতোমধ্যেই স্মৃতিস্তম্ভের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। এখন চলছে স্মৃতিফলক (এপিটাফ) বসানো ও চারপাশের দৃষ্টিনন্দন সাজসজ্জার কাজ। আগস্ট মাসেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রাবণের এক দুপুরে সরেজমিন দেখা যায়, একটি প্রশস্ত বৃত্তাকার বেদির ওপর মূল স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এই স্তম্ভটির চারপাশে রয়েছে আটটি আয়তাকার কলাম এবং ঠিক মাঝখানে সগৌরবে দাঁড়িয়ে আছে ৯০ ফুট উঁচু একটি ব্রোঞ্জের তৈরি স্বতন্ত্র বৃত্তাকার কলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, এই ব্রোঞ্জের কলামটির গায়েই অত্যন্ত সযত্নে খোদাই করে লেখা হচ্ছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৮৪৪ জন বীরের নাম। স্তম্ভটিতে প্রবেশের জন্য দুটি সুদৃশ্য পথ রাখা হয়েছে, যার ঠিক পরেই থাকবে শহীদদের স্মৃতিবাণী খোদাই করা শিলালিপি।
স্তম্ভের নিচ থেকে চারপাশ ঘিরে তৈরি করা হয়েছে একটি সুবিশাল অর্ধবৃত্তাকার ভাস্কর্য দেয়াল। এই দেয়ালে চোখ রাখলেই যে কারও শরীরে শিহরণ জেগে উঠবে। দেয়ালের ডান দিকটা সাজানো হয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানের জ্বলন্ত সব মুহূর্ত দিয়ে।
শুরুতেই চোখে পড়বে সেই বিখ্যাত স্লোগানÑ ‘লাখো শহীদের রক্তে কেনা/ দেশটা কারও বাপের না’। এর ঠিক পাশেই রয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার দৃশ্য এবং তার সামনে অসংখ্য জনতার মুখাবয়ব। একটু এগোলেই দেখা যায়, এক বাবা তার কন্যাসন্তানকে পিঠে নিয়ে হাঁটছেন এবং তার ঠিক পেছনে এক নারী কাঁধে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
এরপর রয়েছে ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর গণভবনে সাধারণ জনতার উল্লাসের দৃশ্য। এর বাঁদিকে একটি উড়ন্ত উড়োজাহাজের নিচে ইংরেজিতে লেখা ‘গেম ওভার’। পাশেই ‘১ দফা; দাবি ১’ ঘোষণার ঐতিহাসিক মুহূর্ত এবং শহীদ মিনারের চূড়ায় উঠে জনতার পতাকা ওড়ানোর দৃশ্য। বাদ যায়নি আন্দোলনে ব্যবহৃত ‘আওয়াজ উডা, কথা ক’ স্লোগান, মুখে কাপড় বেঁধে তরুণদের সাইকেল মিছিল, রিকশাওয়ালার স্যালুট এবং শিক্ষকদের মানববন্ধনের দৃশ্য। সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যগুলোর মধ্যে রয়েছেÑ ডান হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার মুহূর্ত, পুলিশের বন্দুক তাক করা, এক আন্দোলনকারীর পুলিশের মুখ চেপে ধরা এবং আহত হওয়ার পর আলোচিত সেই ঢাবি শিক্ষার্থীর লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটার দৃশ্য।
দেয়ালের বাঁপাশের অংশটি উৎসর্গ করা হয়েছে বায়ান্ন থেকে নব্বইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে। ভাস্কর্যের মাধ্যমে সেখানে পর্যায়ক্রমে ফুটিয়ে তোলা হয়েছেÑ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণের প্রতীকী রূপ, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। তবে জিন্নাহর মুখাবয়ব কিছুটা চেনা গেলেও ৭ মার্চের ভাষণরত বঙ্গবন্ধুর মুখাবয়ব খুব একটা স্পষ্ট নয় বলে অনেকে মত দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে পুরো প্রকল্পটির বাস্তবায়ন করছে ডিএসসিসি। ২০২৪ সালের ১৯ নভেম্বর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উদ্যান পরিদর্শনে এসে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন এবং ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পের শুরুতে বাস্তবায়নের মেয়াদ ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং ব্যয় ধরা হয়েছিল ৪৬ কোটি ৪০ লাখ টাকা। তবে পরবর্তীতে নকশা ও পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। সংশোধিত চুক্তিমূল্যে বর্তমান ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা এবং মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ২০ আগস্ট পর্যন্ত।
ডিএসসিসি সূত্র জানায়, উদ্যানে প্রবেশের মুখে ২৪ সংখ্যার আদলে একটি দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হচ্ছে, যা চব্বিশের অভ্যুত্থানকে চিরকাল স্মরণ করিয়ে দেবে। এ ছাড়া স্মৃতিস্তম্ভ এলাকার পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্য বাড়াতে ইতোমধ্যে ১৫০টির বেশি কৃষ্ণচূড়াসহ দেশীয় বৃক্ষ রোপণ করা হয়েছে।
সার্বিক বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভের মাঝখানের কলামে ৮৪৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। প্রধানমন্ত্রী এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন। তার সম্মতি সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে, তবে আগস্টেই উদ্বোধনের সম্ভাবনা সবচেয়ে বেশি।’