× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একপেশে রিপোর্ট দিয়েছে এইচআরডব্লিউ: চিফ প্রসিকিউটর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ০৮:৫১ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রকাশিত প্রতিবেদনকে একপেশে ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

তার দাবি, নির্দিষ্ট আসামিদের অবস্থানকে সমর্থন করে প্রস্তুত করা এ ধরনের প্রতিবেদন গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিবেদন তৈরির আগে এইচআরডব্লিউর কোনো প্রতিনিধি প্রসিকিউশন বা তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেননি। প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য না নিয়েই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

তার ভাষ্য, এতে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে এবং এটি কোনো আসামির প্রভাবেই করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

অভিযোগের ধরন একই হওয়া স্বাভাবিক

ট্রাইব্যুনালে একই ধরনের অভিযোগ বারবার আনার বিষয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, একই ধরনের অপরাধ সংঘটিত হলে অভিযোগের ভাষা ও ঘটনার বিবরণেও স্বাভাবিকভাবেই মিল থাকবে। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি এলাকায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় একাধিক মামলায় পৃথকভাবে বিচার হতে পারে। সে ক্ষেত্রে ঘটনাপ্রবাহ, সাক্ষ্য এবং অভিযোগের কাঠামোয় মিল থাকাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, যাদের বক্তব্যের ভিত্তিতে এইচআরডব্লিউ প্রতিবেদনটি তৈরি করেছে, তারাও বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পারেননি।

তার দাবি, দেশজুড়ে পরিকল্পিতভাবে একই ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে একই কায়দায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ফলে এসব মামলার অভিযোগের ধরন এবং সাক্ষীদের বক্তব্যে সাদৃশ্য থাকাটাই বাস্তবতার প্রতিফলন।

ঘুষের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা

একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট প্রসিকিউটরকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, যিনি ঘুষের প্রস্তাব দিয়েছেন, তিনি ওই প্রসিকিউটরের সঙ্গে ২৪ বার যোগাযোগ করেছেন।

তার মতে, বিষয়টি থেকে ধারণা করা যায়, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত করার একটি উদ্দেশ্য ছিল।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় শুধু ঘুষ গ্রহণ বা দাবি নয়, ঘুষের প্রস্তাবদাতার ভূমিকাও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তার ভাষায়, একজন ঘুষ চাইলে যেমন দায়ী, তেমনি ঘুষের প্রস্তাবদাতাও দায় এড়াতে পারেন না।

প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় অভিজ্ঞ আইনজীবী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

নিজের ৩৮ বছরের আইন পেশার অভিজ্ঞতার কথাও উল্লেখ করে তিনি বলেন, এসব পেশাজীবীর দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এইচআরডব্লিউসহ যেসব আন্তর্জাতিক সংস্থা ট্রাইব্যুনালের বিচার নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে, সেগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তার অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা