প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনসেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে নিয়মিত কাজ করছেন এবং ইতোমধ্যে নিজের কর্মদক্ষতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ থাকলেও পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে”।
তিনি বলেন, “রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণ সমাজ তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে”।
ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব”।
নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের পরিকল্পনা উপস্থাপন করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের শক্তি ও দেশপ্রেমই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ”।
তিনি আশা প্রকাশ করেন, সব বাধা অতিক্রম করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।