তোফাজ্জল হোসেন কামাল
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২২:৩৮ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ছবি: বিবিসি/এপি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন নাম ও এ-সংক্রান্ত আইন এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবিত দুটি নাম ও আইনের খসড়া নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত এক যৌথ সভায় পরবর্তী বৈঠকে প্রস্তাবিত নামগুলোর মধ্যে একটি এবং আইনের খসড়া চূড়ান্ত করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সরকার র্যাবের নাম পরিবর্তন করে নতুন কাঠামোয় বাহিনীটি বহাল রাখতে চায়। এ লক্ষ্যে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া আইনে সামরিক বাহিনী ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ বহাল রাখার প্রস্তাব রয়েছে। মন্ত্রণালয় পুলিশের অধীনে নতুন ইউনিট গঠনের জন্য স্পেশাল রেসপন্স ফোর্স (এসআরএফ) অথবা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এই দুটি নামের যেকোনো একটির প্রস্তাব বিবেচনা করছে। বর্তমানে এ বিষয়ে পৃথক আইনের খসড়া প্রস্তুত করা হচ্ছে। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধনী) আইন, ২০০৩-এর মাধ্যমে র্যাব গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রস্তাবিত দুটি নামের মধ্য থেকে একটি চূড়ান্ত করা হবে।
এ দিনের সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, র্যাবের মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, নতুন দুটি নামের মধ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামটির পক্ষে অধিকাংশ মতামত ছিল। তবে কয়েকজন কর্মকর্তা খসড়া আইন নিয়ে আরও সময় নিয়ে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেন। তাদের মতে, নতুন আইন ও নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হলেও অতীতের বিতর্ক বা নেতিবাচক ভাবমূর্তি যেন বহন করতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে আইনটি যুগোপযোগী হওয়া প্রয়োজন। এ কারণে খসড়াটি আরও বিস্তারিতভাবে পর্যালোচনার সুপারিশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া আইন চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের অংশগ্রহণে আরও একটি সভা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবার মতামত নিয়ে এরপর আইনের খসড়া চূড়ান্ত করা হবে।
খসড়া আইনে মোট ৯টি অধ্যায় ও ২৯টি ধারা রাখা হয়েছে। এতে ইউনিটের গঠন, দায়িত্ব, তল্লাশি ও গ্রেপ্তার, ফৌজদারি অপরাধের তদন্ত, সদস্যদের অপরাধ ও শাস্তি, শৃঙ্খলা, অভিযোগ প্রতিকার, প্রশিক্ষণ এবং বর্তমান র্যাবের সদস্য ও সম্পদ স্থানান্তরের বিধান অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে র্যাব নামটি বিলুপ্ত হবে; তবে বাহিনীটির সদস্য, স্থাপনা, অস্ত্র, সরঞ্জাম, মামলা, চুক্তি, দায়-দেনা ও চলমান কার্যক্রম নতুন ইউনিটের অধীনে স্থানান্তরিত হবে। ফলে এটি কার্যত বাহিনীটির বিলুপ্তি নয়; বরং নতুন নাম ও পৃথক আইনের অধীনে পুনর্গঠন— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ, গুম-সংক্রান্ত তদন্ত কমিশন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন আইনি কাঠামোর বিষয়টি বিবেচনা করছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিও সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল।