× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা থেকে ক্রিকেট: ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনায় নানা ইস্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:২৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ, পারস্পরিক সহযোগিতা, পানি বণ্টন, ভিসা কার্যক্রম, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ, ক্রিকেটসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পৃথক সৌজন্য সাক্ষাৎ শেষে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠককে ‘অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না”।

দুই দেশের জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, “এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে দুই দেশের মধ্যে যেকোনো বিষয় পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব”।

জনগণের কল্যাণই দুই দেশের সম্পর্কের মূল বিষয় বলেও জানান তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার জানান, এ বিষয়ে দুই দেশেরই একটি করে ওয়ার্কিং গ্রুপ রয়েছে। তারা সক্রিয়ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখবে।

তিনি বলেন, “ওয়ার্কিং গ্রুপ তাদের কাজ করবে এবং যা দুই দেশের জনগণের জন্য উপকারী, সেটিই বাস্তবায়িত হবে। আমি সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।”

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর প্রসঙ্গ উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, “এটি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করবে”।

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমান্ত ভাগাভাগি করি না, ইতিহাস, সংস্কৃতি ও স্বপ্নও ভাগাভাগি করি”।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “এ সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অপেক্ষা করছে”।

বৈঠকে ইতিহাস, সংস্কৃতি ও খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

তিনি আরও বলেন, “সংস্কৃতি থেকে সংগীত, এমনকি ক্রিকেট- সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এটি কেবল শুরু। ভবিষ্যতে আমরা আরও বেশি সম্পৃক্ত হব বলে আমি আশা করছি”।

সফর হলে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা