প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৮:৫৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আরও অগ্রগতি হবে বলে আশা করছে ভারত”।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ শেষে বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না- এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, “এটি সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তবে আমরা তার ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”।
তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করলে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী”।
দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না”।
তিস্তা চুক্তি কিংবা গঙ্গার পানি বণ্টন চুক্তির মতো বিষয়েও দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে এবং আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, “শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের জনগণের কল্যাণ। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব”।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠককে ‘অত্যন্ত উষ্ণ ও আন্তরিক’ উল্লেখ করে তিনি বলেন, “আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলা এবং ক্রিকেটসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে”।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার বিষয়টিও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, “এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের জন্য ইতিবাচক এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করবে”।
হাইকমিশনার আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু সীমান্তের নয়; ইতিহাস, সংস্কৃতি ও অভিন্ন স্বপ্নেরও। ভবিষ্যতে জনগণের স্বার্থকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আমি আশা করি”।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।