নতুন সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় তিন দশকের পুলিশ জীবনের অভিজ্ঞতা নিয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
ঢাকার সিআইডি সদর দপ্তরে বুধবার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি সংস্থাটির নেতৃত্বে আসেন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইতে দায়িত্ব পালনকালে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশিক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সিআইডির সদর দপ্তরের পাশাপাশি চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাঠ প্রশাসনে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
শিক্ষাজীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন।
পাশাপাশি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০ম ইন্টারপা সম্মেলনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক পুলিশিং, তদন্ত ও ফরেনসিক বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।