× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন সুন্দরবনের বাঘ মানুষের ওপর হামলা করে, যা বলছে বিজ্ঞান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১০:৪২ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১১:১৩ এএম

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ছবি: দ্য ডেইলি স্টার

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ছবি: দ্য ডেইলি স্টার

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে সবচেয়ে প্রচলিত ধারণাগুলোর একটি হলো, এরা নাকি ইচ্ছাকৃতভাবে মানুষ শিকার করে। বহু বছর ধরে লোককথা, সংবাদ ও সিনেমায় এই ধারণা আরও শক্ত হয়েছে। কিন্তু বিজ্ঞান কি একই কথা বলে?

গবেষণা বলছে, সুন্দরবনের বাঘের অধিকাংশ হামলার পেছনে রয়েছে পরিবেশগত বাস্তবতা, আবাসস্থলের বৈশিষ্ট্য এবং মানুষ-বাঘের ক্রমবর্ধমান সংঘাত।

অর্থাৎ, মানুষখেকো হিসেবে বাঘের যে পরিচিতি, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল।

বিশ্বখ্যাত বাঘ গবেষক ড. উল্লাস করন্থ তার দ্য ওয়ে অব দ্য টাইগার গ্রন্থে লিখেছেন, সুস্থ ও পর্যাপ্ত শিকার পাওয়া একটি বাঘ সাধারণত মানুষকে শিকার হিসেবে বেছে নেয় না। কারণ মানুষ তার স্বাভাবিক খাদ্যতালিকার অংশ নয়। 

একই পর্যবেক্ষণ পাওয়া যায় স্মিথসোনিয়ান কনজারভেশন বায়োলজি ইন্সস্টিউটের বিজ্ঞানী ড. জন সাইডেনস্টিকারেরএর গবেষণাতেও।

তাহলে সুন্দরবনে হামলা বেশি কেন? কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস-এ প্রকাশিত হ্যাবিটেট প্রেফারেন্সেস অব টাইগারস ইন দ্য সুন্দরবনস ইস্ট ওয়ায়েল্ডলাইফ স্যাঙচুয়ারি, বাংলাদেশ গবেষণায় গবেষক ড. এম. ডি. আনোয়ারুল ইসলাম ও তার সহকর্মীরা দেখিয়েছেন, সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ, সরু খাল, কাদামাটি এবং সীমিত দৃশ্যমানতার কারণে মানুষ ও বাঘ হঠাৎ খুব কাছাকাছি চলে আসে। এর ফলে অনেক হামলাই ঘটে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের বননির্ভর জীবন। বাংলাদেশে হাজারো জেলে, মৌয়াল, বাওয়ালি ও গোলপাতা সংগ্রহকারী জীবিকার প্রয়োজনে নিয়মিত সুন্দরবনে প্রবেশ করেন। 

বিভিন্ন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, বন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করলেও এসব মানুষ প্রায়ই বাঘের আবাসস্থলের গভীরে চলে যান। ফলে মুখোমুখি হওয়ার ঝুঁকি বাড়ে।

শিকারের সংকটও একটি বড় কারণ। গ্লোবাল একোলজি অ্যান্ড কনজারভেশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় মোহাম্মদ জিয়াউদ্দিন, ড. এম. ডি. আনোয়ারুল ইসলামসহ গবেষকেরা দেখিয়েছেন, চিত্রা হরিণ ও অন্যান্য শিকারপ্রাণী কমে গেলে বাঘের স্বাভাবিক আচরণেও পরিবর্তন আসতে পারে। 

যদিও গবেষণাটি স্পষ্ট করে বলেছে, মানুষকে লক্ষ্য করে হামলার একক কারণ হিসেবে এটি ব্যাখ্যা করা যায় না।

একসময় ধারণা ছিল, সুন্দরবনের লবণাক্ত পানি পান করায় বাঘ বেশি হিংস্র হয়ে ওঠে। তবে ড. জন সাইডেনস্টিকার এবং ড. উল্লাস করন্থ দুজনই এই তত্ত্বের পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাননি।বর্তমান গবেষণাগুলো বরং বলছে, আবাসস্থলের বৈশিষ্ট্য, মানুষের অনুপ্রবেশ, বাঘের আচরণ এবং শিকারের প্রাপ্যতা- এই চারটি বিষয় একসঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ায়।

বাংলাদেশ বন বিভাগের সাম্প্রতিক সংরক্ষণ কার্যক্রমও আশার কথা শোনাচ্ছে। স্মার্ট টহল, ক্যামেরা ট্র্যাপ, বনজীবীদের সচেতনতা বৃদ্ধি এবং শিকারপ্রাণী সংরক্ষণের উদ্যোগে মানুষ-বাঘ সংঘাত কমানোর চেষ্টা চলছে। 

তাই সুন্দরবনের বাঘকে শুধু ‘মানুষখেকো’ বলে চালিয়ে দেওয়ার আগে মনে রাখা দরকার সে মূলত নিজের রাজ্যেই টিকে থাকার লড়াই করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা