নদী সাঁতরে পার হচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার। ছবি: এএফপি
একসময় পৃথিবীর অনেক দেশে বাঘের বিচরণ থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র ১৩টি দেশে। এদের মধ্যে পরিচিত এক নাম রয়েল বেঙ্গল টাইগার।
বাংলাদেশের সুন্দরবনের এই বাঘকে ঘিরে মানুষের আগ্রহও সবচেয়ে বেশি। অনেকেই মনে করেন, রয়েল বেঙ্গল টাইগার বোধহয় আলাদা কোনো প্রজাতি। বাস্তবে তা নয়। এটি একই বেঙ্গল টাইগার (প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস)-এর একটি জনগোষ্ঠী।
তবে সুন্দরবনের প্রতিকূল ম্যানগ্রোভ পরিবেশে হাজার বছরের অভিযোজন এ বাঘকে বিশ্বের অন্য সব বাঘের তুলনায় দিয়েছে স্বতন্ত্র পরিচয়।
বাংলাদেশ বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপ অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১২৫টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। তবে শুধু সংখ্যার জন্য নয়, বৈশ্বিক বাঘ সংরক্ষণেও এই জনগোষ্ঠীর গুরুত্ব আলাদা। কারণ, পৃথিবীর আর কোথাও কোনো বাঘ স্থায়ীভাবে ম্যানগ্রোভ বনে বসবাস করে না।
প্রখ্যাত বাঘ গবেষক ড. উল্লাস করন্থ তার দ্য ওয়ে অব দ্য টাইগার গ্রন্থে লিখেছেন, প্রতিটি বাঘের আবাসস্থল তার আচরণ, শিকার কৌশল ও শারীরিক গঠনে প্রভাব ফেলে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সেই অভিযোজনের সবচেয়ে ব্যতিক্রমী উদাহরণ।
রাশিয়ার তুষারঢাকা অরণ্যের আমুর টাইগার, ইন্দোনেশিয়ার সুমাত্রান টাইগার কিংবা ভারতের মধ্যাঞ্চলের বনভূমির বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করলে সুন্দরবনের বাঘের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সাঁতারে অসাধারণ দক্ষতা। ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, জোয়ার-ভাটার নদী ও খাল পেরোতে সুন্দরবনের বাঘ নিয়মিত কয়েক কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে, যা অন্য অধিকাংশ বাঘের ক্ষেত্রে খুবই বিরল।
আকারেও রয়েছে পার্থক্য। আইইউসিএন ক্যাট স্পেশালিস্ট গ্রুপের সদস্য ও বিশ্বখ্যাত গবেষক ড. জন সাইডেনস্টিকার দীর্ঘদিনের গবেষণায় দেখিয়েছেন, সুন্দরবনের বাঘ সাধারণত মধ্য ভারতের বনাঞ্চলের বেঙ্গল টাইগারের তুলনায় কিছুটা ছোট গড়নের।
কারণ হিসেবে তিনি বলেছেন, সুন্দরবনে বড় আকারের তৃণভোজী প্রাণীর সংখ্যা কম এবং ঘন ম্যানগ্রোভ বনের সরু পথ দিয়ে চলাচলের জন্য তুলনামূলক হালকা শরীর বেশি কার্যকর।
শুধু শরীর নয়, শিকারের ধরনেও রয়েছে ভিন্নতা। জেমস কুক ইউনিভার্সিটির অধ্যাপক উইলিয়াম এফ. (বিল) লরেন্স, বাংলাদেশি গবেষক ড. শরীফ এ. মুকুল এবং তাদের সহকর্মীরা সাইন্স অব দ্য টোটাল এনভাইরনমেন্ট জার্নালে প্রকাশিত তাদের এক গবেষণায় উল্লেখ করেছেন, সুন্দরবনের বাঘ কাদা, লবণাক্ত পানি ও জোয়ার-ভাটার সঙ্গে খাপ খাইয়ে শিকার করে; যা বিশ্বের অন্য কোনো বাঘের আবাসস্থলে দেখা যায় না।
মানুষের সঙ্গে সংঘাতের বিষয়টিও সুন্দরবনের বাঘকে আলাদা করেছে। বিবিসি, রয়টার্সের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নদী, বন ও মানুষের বসতি পাশাপাশি থাকায় সুন্দরবনের বাঘের সঙ্গে মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা অন্য অনেক অঞ্চলের তুলনায় বেশি ঘটে।
আর দেশীয় গণমাধ্যমের তথ্য মতে, বাংলাদেশে ক্যামেরা ট্র্যাপ, স্মার্ট টহল, চোরাশিকার দমন এবং শিকারের প্রাণী সংরক্ষণের ফলে বাঘের সংখ্যা ও আবাসস্থল রক্ষায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
রয়েল বেঙ্গল টাইগারকে তাই শুধু শক্তিশালী শিকারি বললে ভুল হবে। এটি প্রকৃতির অসাধারণ অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ।
লবণাক্ত পানি, কাদামাটি, জোয়ার-ভাটা আর ঘন ম্যানগ্রোভ অরণ্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে সক্ষমতা এ বাঘ অর্জন করেছে, সেটিই তাকে বিশ্বের অন্য সব বাঘ থেকে আলাদা করেছে।
আর সেই কারণেই সুন্দরবনের এই রাজা শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, বিশ্ব জীববৈচিত্র্যেরও এক অনন্য সম্পদ।