× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ জুলাই

রাজপথে নতুন জাগরণ, শোক প্রত্যাখ্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ০৯:৪১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের ধারাবাহিকতায় ২৯ জুলাই ছিল স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচারের কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে আন্দোলনের নয় দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। রাত ১২টা পেরোতেই শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন; অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বও তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করে সংহতি জানান।

এদিনও সরকার ছাত্রনেতাদের মুক্তির দাবিতে দেওয়া আল্টিমেটাম উপেক্ষা করলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, বরিশাল, বগুড়া, যশোর, ঠাকুরগাঁও, নোয়াখালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, সায়েন্সল্যাব, ইসিবি চত্বর ও মিরপুর-১০ এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া ও লাঠিচার্জ করলে অন্তত অর্ধশত শিক্ষার্থীকে আটক করা হয়। বিভিন্ন সূত্রে জানানো হয়, ঢাকায় মোট ২ হাজার ৮২২ জনকে আটক করা হয়েছিল।

দশম দিনের মতো কারফিউ বহাল থাকলেও দিনের বেলায় শিথিলতার সময় বাড়ানো হয়। রাজধানীজুড়ে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন ছিল; র‌্যাবের হেলিকপ্টার টহল এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়। এদিকে অফিস-আদালত ও যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল।

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে আন্দোলন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে ৩০ জুলাই দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করে বিচারহীনতার প্রতিবাদে বিকল্প কর্মসূচি ঘোষণা করে।

একই দিনে হাইকোর্ট ডিবি কার্যালয়ে রাখা ছয় সমন্বয়ককে খাবার পরিবেশনের ছবি প্রকাশকে “জাতির সঙ্গে মশকরা” বলে মন্তব্য করেন এবং তাদের মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষকে তিরস্কার করেন।

রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দল দুটিকে নিষিদ্ধ করার বিষয়ে জোট একমত হয়েছে।

এদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন থেকে আন্দোলনকেন্দ্রিক মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা তদন্তে ‘জাতীয় গণতদন্ত কমিশন’ গঠনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এবং ৭৪ জন বিশিষ্ট নাগরিক জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের স্বজনরা তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জানান, সমন্বয়করা শারীরিকভাবে ভালো আছেন এবং তাদের সঙ্গে অসদাচরণ করা হয়নি বলে তারা জানিয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ ছিল, কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দিতে তাদের চাপ প্রয়োগ করা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা