× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭৫ বাঘের দেশ, বাঘ পালতে খরচ কত

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ০৯:১৫ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১১:১৬ এএম

ছবি: উইকিপিডিয়া

ছবি: উইকিপিডিয়া

বিশ্বের মাত্র ১৩টি দেশে প্রাকৃতিক বনে বাঘ আছে, তার মধ্যে বাংলাদেশের সুন্দরবন অন্যতম। সবশেষ জরিপ মতে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। সুন্দরবনের পরই সবচেয়ে বেশি বাঘ রয়েছে দেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। এ চিড়িয়াখানায় রয়েছে ১৫টি বাঘ। বাঘকে মূল্যায়ন করা হয় শৌর্যবীর্যের প্রতীক হিসেবে।

একটি পূর্ণবয়স্ক বাঘকে প্রতিদিন খেতে দিতে হয় ৮ থেকে ৯ কেজি গরুর মাংস। সাড়ে ৭০০ টাকা কেজি হিসেবে দিনে গড়ে প্রতিটি বাঘের পেছনে মাংস কিনতে ব্যয় হয় প্রায় ৬ হাজার টাকা। প্রতি মাসে একটি বাঘের পেছনে শুধু খাবার বাবদ খরচ হয় গড়ে ১ লাখ ৬০ হাজার ও বছরে ১৯ লাখ ২০ হাজার টাকা। তা ছাড়া ওষুধপত্র ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ বছরে আরও ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ব্যয় হয়। এতে করে চিড়িয়াখানায় ১৫টি বাঘ পালতে বছরে খরচ প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানা মিরপুর, রংপুর চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা ও দুটি সাফারি পার্ক মিলে ৫০টি বাঘ রয়েছে। জাতীয় চিড়িয়াখানা মিরপুরের ১৫টির মধ্যে পুরুষ ৫টি, নারী ৬টি ও বাচ্চা ৪টি। রংপুর চিড়িয়াখানায় ৪টি বাঘের মধ্যে পুরুষ একটি, নারী একটি ও ২টি বাচ্চা। চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৭টি বাঘের মধ্যে পুরুষ ৫টি ও নারী ১২টি। গাজীপুর সাফারি পার্কে বাঘ আছে ৭টি। ৩টি পুরুষ ও ৪টি নারী। ডুলাহাজারা সাফারি পার্ক, কক্সবাজারে ৭টি বাঘ রয়েছে। এর মধ্যে ৩টি পুরুষ ও ৪টি নারী।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের পরিচালক ডা. মো. শাহিনুর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাঘ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বন ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। বিশ্বের মাত্র ১৩টি দেশের প্রাকৃতিক বনে বাঘ রয়েছে। সেখানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিশ্বের সবচেয়ে নামি ও রাজকীয় বাঘ।

তিনি বলেন, একটি বাঘ চিড়িয়াখানায় পালন করতে গড়ে প্রতিদিন খাওয়াতে হয় ৮-৯ কেজি মাংস। তা ছাড়া অন্যান্য রোগবালাইসহ আছে আনুষঙ্গিক ব্যয়। এতে করে বছরে প্রতিটি বাঘের পেছনে গড়ে ২০ লাখ টাকার মতো ব্যয় হতে পারে। তবে ব্যয় যেমন বেশি, আয়ও অনেক বেশি। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতি বছর প্রতিটি বাঘ থেকে পর্যটন খাতে ২ দশমিক ১৯ মিলিয়ন ডলার আয় হয়ে থাকে।

চট্টগ্রাম চিড়িয়াখানার সহকারী কিউরেটর মো. শাহাদাৎ হোসেন শুভ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে। গত ৫ বছরে এখানে ৭-৮টি বাচ্চার জন্ম হয়েছে। প্রতিটি বাঘের পেছনে মাসে খাবার ও ওষুধপত্রসহ ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়।

রংপুর চিড়িয়াখানার জু অফিসার এইচএম শাহাদাৎ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রংপুর চিড়িয়াখানার দুটি পূর্ণবয়স্ক বাঘ গত বছরের ২৮ অক্টোবর বাচ্চা দিয়েছে। পূর্ণবয়স্ক একটি বাঘকে আন্তর্জাতিক হিসেবে দৈনিক ৮ কেজি মাংস খেতে দিতে হয়। তা ছাড়া বাচ্চাগুলো ৩ মাস মায়ের দুধ পান করে। পরবর্তীতে তাদের ওজন অনুযায়ী মাংস দেওয়া হয়।  

গাজীপুর সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, এখানকার বাঘগুলোর বয়স ১০ বছরের ওপরে। আমাদের প্রতিটি পুরুষ বাঘকে দৈনিক ৬ ও নারীগুলোকে ৫ কেজি করে গরুর মাংস খাওয়াতে হয়। 

ডুলাহাজারা সাফারি পার্ক, কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে বলেন, ডুলাহাজারা সাফারি পার্কে ৭টি বাঘ রয়েছে। গড়ে প্রতিদিন এসব বাঘকে ৪ থেকে ৬ কেজি মাংস খাওয়াতে হয়। একটি বাঘ সাধারণত ১৭-২০ বছর পর্যন্ত বাঁচে। এরা ৪ বছরের মধ্যে প্রজনন ক্ষমতা অর্জন করে। ১০ বছরের পর আর প্রজনন ক্ষমতা থাকে না। ডুলাহাজারা সাফারি পার্কের বাঘগুলোর বয়স ১০ বছরের বেশি। 

চিড়িয়াখানার বাঘগুলোর প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমাদের সুন্দরবনে ১২৫-১২৬টি বাঘ রয়েছে। এর বাইরে সবচেয়ে বেশি বাঘ আছে চিড়িয়াখানা ও সাফারি পার্কে। আমরা জানি, বাঘ যখন বাচ্চা দেয় তখন বাবা বাঘ বাচ্চাগুলোকে আক্রমণ করতে পারে। তাই কোনো চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হলে তাদেরকে যথাযথ নিরাপদ স্থানে রাখতে হবে। 

তিনি বলেন, আমরা বাঘ সংরক্ষণের সঙ্গে সঙ্গে সংখ্যা বৃদ্ধির দিকেও দৃষ্টি দিয়েছি। এজন্য সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশের প্রতি নজর রাখা হচ্ছে। আমাদের বন কর্মকর্তারা বাঘের এলাকাগুলোর পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। 

তিনি আরও বলেন, চিড়িয়াখানা যেমন একদিকে বাঘসহ অন্যান্য প্রাণীর সংরক্ষণ ও গবেষণার স্থান, তেমনি অর্থ উপার্জনেরও জায়গা। এসব জায়গায় সংরক্ষিত বাঘের যথাযথ যত্নে বাচ্চা জন্মালে সেগুলোও দেশের বড় সম্পদ হয়ে উঠবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা