ভাসমান এলএনজি টার্মিনাল। ছবি: আরপিজিসিএল
দেশে তীব্র গ্যাস সংকটের মধ্যে সরবরাহ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার।
আমদানি বৃদ্ধি, দরপত্র প্রক্রিয়ার সময় কমানো, নতুন ভাসমান টার্মিনাল নির্মাণ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সহায়তার মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলার পরিকল্পনা করা হয়েছে।
এর অংশ হিসেবে চীনের একটি কোম্পানিকে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি অনুমতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে এলএনজি আমদানিরও। এ ছাড়া গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে মঙ্গলবার একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের সরবরাহ বাড়াতে হলে আরও ভাসমান টার্মিনাল নির্মাণ এবং একই সঙ্গে আমদানি বাড়াতে হবে। কক্সবাজারের মহেশখালীতে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট ভাসমান টার্মিনালে আগুন লাগার কারণে বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প, আবাসিক ও বিদ্যুৎ উৎপাদন। বিশেষজ্ঞদের মতে, গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিকল্প নেই।
জানা গেছে, চীনা প্রতিষ্ঠান কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে। গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীয়করণ টার্মিনাল স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের একটি প্রস্তাব সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া কমিটির সভায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে জিটুজি পদ্ধতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। যার একটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি আর অন্যটি করে বেসরকারি কোম্পানি সামিট।