× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিবৃষ্টি ও জলাবদ্ধতা

ভাণ্ডারিয়ায় পচেছে আমনের বীজতলা, দিশেহারা কৃষক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৭:১৪ পিএম

ভাঙ্গুড়িয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বীজতলা ও ধানক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙ্গুড়িয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বীজতলা ও ধানক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টানা বর্ষণ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা পচে নষ্ট হয়ে গেছে। 

উপজেলার বিস্তীর্ণ মাঠ এখনো পানির নিচে তলিয়ে থাকায় আমন চাষ নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হাজারো কৃষক। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে উপজেলার ভিটাবাড়িয়া, গৌরীপুর, ধাওয়া ও ইকড়িসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানি নামতে না পারায় বীজতলাগুলো পচে কালো হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, এলাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ, খাল ও নালাগুলো দখল বা ভরাট হয়ে যাওয়ায় পানি সরতে পারছে না। ফলে দীর্ঘ সময় পানির নিচে থাকায় ধানের চারাগুলো নষ্ট হয়ে গেছে।

গৌরীপুর ইউনিয়নের কৃষক লাবলু বলেন, “প্রকৃতির ওপর নির্ভর করেই আমরা চাষাবাদ করি। কিন্তু এবার এক সপ্তাহেরও বেশি সময় ধরে বীজতলা পানির নিচে। খালের মুখগুলো বন্ধ থাকায় পানি নামছে না। চারা সব পচে গেছে। এখন নতুন করে বীজ কেনার টাকাও আমাদের হাতে নেই।”

একই সংকটের কথা জানান ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের কৃষক মনির হোসেন ও আব্দুল খালেক। তারা বলেন, “মাঠ আর বীজতলা এখন একাকার হয়ে গেছে। চারপাশ থেকে পচা গন্ধ বের হচ্ছে। দ্রুত পানি না সরালে শুধু বীজতলা নয়, পুরো আমন মৌসুমই আমাদের হাতছাড়া হয়ে যাবে।” 

শিংখালী গ্রামের কৃষক মোজাম্মেল খান সরকারি উদ্যোগে দ্রুত খালগুলো সচল করার দাবি জানান।

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি চলাচলের পথগুলো রুদ্ধ হয়ে যাওয়ায় কিছু এলাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া দ্রুত জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা