× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপন্ন প্রকৃতি রক্ষায় চাই সম্মিলিত উদ্যোগ

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ০৯:৩৯ এএম

বরগুনার তালতলীর নিদ্রার চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জল-অরণ্যের ক্যানভাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার তালতলীর নিদ্রার চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জল-অরণ্যের ক্যানভাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড়, সাগর, নদী ও বনভূমি নিয়ে সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ। সাগরের দক্ষিণা বাতাস, পাখির কলকাকলি আর নদীর বিপুল জলরাশি দেশের ইতিহাস-ঐতিহ্যকে যুগ যুগ ধরে সমৃদ্ধ করে আসছে। কিন্তু মানুষের আগ্রাসী মনোভাব ও লোভের ফাঁদে পড়ে আজ বিপর্যস্ত এই অপরূপ প্রকৃতি। নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে বনভূমি। দখল হয়ে যাচ্ছে খাল-বিল, নদী, এমনকি সমুদ্র উপকূলও। ক্ষমতাবানরা বন উজাড় করে শিল্পকারখানা গড়ছেন, জলাধার ভরাট করে মাছের প্রাকৃতিক আবাস নষ্ট করছেন। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে প্রাণ-প্রকৃতি। এমন এক নাজুক পরিস্থিতিতে আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছেÑ ‘পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দায়িত্ব’। 

দেশে প্রকৃতি রক্ষায় নানা আইন ও আন্তর্জাতিক অঙ্গীকার থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে সেগুলো কার্যকর হচ্ছে না। এক পক্ষ বন বাঁচানোর কথা বলছে, তো অন্য পক্ষ সেখানেই পরিবেশবিধ্বংসী প্রকল্প নিচ্ছে। এমন বাস্তবতায় প্রাণ-প্রকৃতিকে চরম ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখা এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই মূলত দিবসটির সূত্রপাত। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) লিভিং প্লানেট প্রতিবেদন অনুযায়ী, মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডে গত ৫০ বছরে বিশ্বজুড়ে বন্য প্রাণীর সংখ্যা গড়ে প্রায় ৬৯ শতাংশ কমে গেছে। তাই প্রকৃতি পুনরুদ্ধারের বিষয়টি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

প্রকৃতি সংরক্ষণে বাংলাদেশের অবস্থান নিয়ে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) মুখ্য গবেষক সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আমাদের নীতি, আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা আইনÑ সবকিছুই শক্তিশালী। অভাব শুধু সমন্বয়ের। নীতি থাকলেও আমরা তা বাস্তবায়ন করতে পারছি না। এর মানে এই নয় যে, আমাদের টাকার অভাব। সক্ষমতার বড় ঘাটতি রয়েছে। প্রকৃতি সংরক্ষণের জন্য দক্ষ জনবল, প্রযুক্তি ও সুনির্দিষ্ট কাঠামোর প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট। দেখা যায়, এক পক্ষ নদী খনন করছে, তো অন্য পক্ষ হাওরে কাজ করছে; কেউ বন সংরক্ষণের চেষ্টা করছে, তো পাশেই আরেকজন বন ধ্বংসের প্রকল্প নিচ্ছে। এ ধরনের সমন্বয়হীনতায় দিন দিন প্রকৃতির অবস্থা আরও খারাপ হচ্ছে। আমরা প্রকৃতি সংরক্ষণের কথা বলে যতই চিৎকার করি না কেন, মাঠপর্যায়ে সমন্বিত কাজ ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়।”

ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) সদস্য সচিব শরীফ জামিল এই প্রতিবেদককে বলেন, “সরকারপ্রধান প্রকৃতি সংরক্ষণের বিষয়ে অনেক বেশি আন্তরিক। কিন্তু এই আন্তরিকতা তৃণমূল পর্যায়ে কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করে এর সঙ্গে যুক্ত প্রশাসন ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে কীভাবে ধারণ করেন তার ওপর।”

তিনি আরও বলেন, “প্রকৃতি সংরক্ষণ কেবল একটি নির্দেশনায় হয় না। শুধু একজনের ইচ্ছায় সারা দেশের প্রকৃতি বাঁচানো সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকেও এখানে কাজ করতে হবে। দলের নেতাকর্মীরা যদি পরিবেশ ধ্বংস করেন এবং প্রশাসনের লোকজন প্রকল্প গ্রহণের সময় পরিবেশের কথা না ভাবেন, তবে এই উদ্যোগ বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি, সরকার তার প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে।”

পরিবেশ সংরক্ষণের সঙ্গে স্থিতিশীলতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নবিউল ইসলাম খান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রকৃতি সংরক্ষণে দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান কাজ করছে। তবে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় একধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডির বৈশ্বিক অর্থায়ন বন্ধ করে দেওয়ায় বড় সমস্যা সৃষ্টি হয়েছে। উন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্তদের অর্থায়ন করার কথা থাকলেও তা এখন সীমিত হয়ে গেছে।”

অধ্যাপক নবিউল ইসলাম আরও বলেন, “আশার কথা হলো, প্রকৃতি সংরক্ষণে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। আমাদের সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়িত হলে প্রকৃতির উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে। গত ৫০ বছর ধরে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে উঠতে আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তবেই সফলতা আশা করা যায়।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা