২৮ জুলাই
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৮ জুলাই ছিল আন্দোলন, প্রতিবাদ, বিতর্ক ও রাষ্ট্রীয় পদক্ষেপে ভরপুর একটি দিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে দেয়াল লিখন, গ্রাফিতি ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়। একই দিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন। তবে সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব ছিল দুই শতাধিক।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেয়ালজুড়ে উঠে আসে প্রতিবাদের ভাষা। বুয়েটের পলাশীতে কার্টুনিস্ট ও চারুকলার শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন; তাদের রঙ-তুলি জব্দ করা হয়। একই কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
গ্রাফিতিতে স্থান পায় আন্দোলনের প্রতীকী নানা স্লোগানÑ ‘সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন?’, ‘আমার ভাইদের মারলি কেন?’, ‘পুলিশি হত্যার বিচার চাই’, ‘৫২ দেখিনি, ২৪ দেখেছি’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’সহ আরও বহু প্রতিবাদী বার্তা। শাবিপ্রবির শিক্ষার্থীরা আবু সাঈদের বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্যও দেয়ালে ফুটিয়ে তোলেন। ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়ার ঘটনাও গ্রাফিতিতে উঠে আসে।
এর আগে ২৭ জুলাই সমন্বয়করা কোটা সংস্কারে শিক্ষার্থীদের কমিশনের সুপারিশের ভিত্তিতে সংসদে আইন পাসসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তবে ২৮ জুলাই রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দেন। একই ভিডিওতে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারও লিখিত বিবৃতি পাঠ করেন। কিন্তু সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ পৃথক বার্তায় দাবি করেন, অস্ত্রের মুখে জিম্মি করে ওই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে এবং সেটি আন্দোলনের প্রকৃত অবস্থান নয়।
ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে না পারার অভিযোগ করেন। একই দিন ভোরে সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে মিরপুরের একটি বাসা থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরে রাতের দিকে অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদের উপস্থিতিতে সমন্বয়কদের খাবারের টেবিলে বসিয়ে তোলা একটি ছবিও প্রকাশিত হয়।
সমন্বয়কদের আটকের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং আরিফ সোহেলের মুক্তি দাবি জানান। রাতেই দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ২৯ জুলাই রাজপথে ফের কর্মসূচি পালনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দশ দিন বন্ধ থাকার পর এদিন মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটকসহ কয়েকটি জনপ্রিয় সেবা বন্ধ রাখা হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাম্প্রতিক সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে। একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু জানান, সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কারফিউ ও গুলির নির্দেশ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহতদের খোঁজ নেন। সকালে গণভবনে নিহত আবু সাঈদসহ ৩৪ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
সারা দেশে গ্রেপ্তার অভিযানও অব্যাহত ছিল। সরকারি হিসাবে ২৮ জুলাই পর্যন্ত ঢাকাসহ দেশে মোট গ্রেপ্তার হন ১০ হাজার ২৮ জন। রাজধানীতে নতুন করে ২২টি মামলা দায়েরের পর মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২২৯টি এবং গ্রেপ্তার হয় ২ হাজার ৭৬৪ জন। এদিন বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, বিচার এবং নির্বিচার গ্রেপ্তার বন্ধের দাবি জানায়।