× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৫ বছর ভোটাভুটি হয়নি

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২২:৩২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভোটাভুটি হয়নি। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। এরপর সরকারি দলের মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে আসছেন।

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে ৩৪৮ জন ভোটার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

১৯৯১ সালের ৮ অক্টোবর বাংলাদেশের দশম রাষ্ট্রপতি পদে ভোটাভুটি বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা চালুর পর জাতীয় সংসদে সেবারই কেবল রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়। যেখানে বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তিনি পেয়েছিলেন ৯২ ভোট। নির্বাচনে ৩৩০ জন ভোটারের মধ্যে ২৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভিন্ন এক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদীয় শাসনব্যবস্থায় নির্বাচিত সংসদ সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে সংসদ সদস্য রয়েছেন ৩৪৯টি আসনে। মামলার কারণে চট্টগ্রামের একটি আসনের ফলাফল এখনও ঝুলে রয়েছে। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন না। এর ফলে নির্বাচনে ভোটার ৩৪৮ জন।

সরকারি দল ইতোমধ্যে তাদের প্রার্থী মনোনয়নের বিষয়ে তোড়জোড় শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দলীয় ফোরামে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

এ বিষয়ে সোমবার বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে”।

রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী করার সুযোগ রয়েছে। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। এবারের নির্বাচনে জামায়াত-এনসিপি জোট প্রার্থী দিলে তা ভোটাভুটি পর্যন্ত যাবে। 

গত ৩৫ বছর ধরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হচ্ছে। এবার এর ব্যতিক্রমও হতে পারে। যদিও জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করার চেয়ে পদত্যাগ করা রাষ্ট্রপতির গ্রেপ্তার ও বিচারের দাবিই বেশি করা হচ্ছে।

ভোট কবে সিদ্ধান্ত হবে মঙ্গলবার

এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত হতে পারে আজ মঙ্গলবার। এ লক্ষ্যে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে সময় চেয়ে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হলে ভারপ্রাপ্ত স্পিকার আজ সময় দিয়েছেন।

সংসদ সচিবকে পাঠানো ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কারণে ওই পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারার বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হন। যার জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। যার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির পদ থেকে গত শুক্রবার বিকালে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে ভারপ্রাপ্ত স্পিকার হন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে সংবিধানে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা