প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২২:০৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ০০:৫৪ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ফাইল ফটো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সর্বশেষ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন করে বলেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী তারা অবসর সংক্রান্ত সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, কুমিল্লার মো. আবুল ফজল মীর, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, নেত্রকোনার মঈনউল ইসলাম, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নাটোরের মো. শাহরিয়ার, শরীয়তপুরের কাজী আবু তাহের, চাঁপাইনবাবগঞ্জের এ জেড এম নুরুল হক, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, রাঙামাটির এ কে এম মামুনুর রশিদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, সুনামগঞ্জের মো. আব্দুল আহাদ, পাবনার মো. জসিম উদ্দিন, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, খাগড়াছড়ির মো. শহিদুল ইসলাম ও ফেনীর মো. ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া বরিশালের এস এম অজিয়র রহমান, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, নীলফামারীর নাজিয়া শিরিন, রাজশাহীর এস এম আব্দুল কাদের, মাগুরার মো. আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবীর মুরাদ, কিশোরগঞ্জের মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনার কলি মাহবুব, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, মানিকগঞ্জের এস এম ফেরদৌস ও চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ রয়েছেন।
এর আগে গত বছরের ১৯ ফেব্রুয়ারি একই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। সে সময় তারা বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। তবে ওই নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগে ও পরে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তোলে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনটি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষকও প্রশ্ন তুলেছিলেন।