বাসস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২১:০০ পিএম
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: বাসস
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়নে প্রকল্পের সম্ভাব্যতা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার চলমান এবং অনুমোদনবিহীন নতুন প্রকল্প পর্যালোচনা সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোকে বিচ্ছিন্নভাবে পরিকল্পনা বা বাস্তবায়ন করা যাবে না। সামগ্রিক সুফল ও কার্যকারিতা বাড়াতে এক প্রকল্পের সঙ্গে অন্য প্রকল্পের সমন্বয় থাকতে হবে।
তিনি বিশেষভাবে প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার স্থানীয় জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন এবং তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে প্রকল্প প্রণয়নের সময় এর সম্ভাব্যতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলোকে প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চলমান প্রকল্পগুলো সম্পন্ন করার আহ্বান জানান।